বীরসা মুণ্ডার মূর্তি উন্মোচন, আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী
  • ১৮ নভেম্বর, ২০২৬ ১৭:২৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: আজ, বুধবার ঝাড়গ্রামের একটি হোস্টেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর হোস্টেলে ঢুকে ছাত্রীদের সঙ্গে সরাসরি কথাও বলেন তিনি। লোকনাথপুর আশ্রম হোস্টেলের ওই ছাত্রীদের হাতে উপহার সামগ্রীর কিটও তুলে দেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে ৩২৪টি হোস্টেল রয়েছে। আবাসিক ছাত্রীর সংখ্যা ১৪ হাজারের বেশি। আগে হোস্টেলের ছাত্রীদের প্রতি মাসে মাথা পিছু খাদ্য সামগ্রীর বরাদ্দ ছিল ১৮০০ টাকা। আমরা সেটাকে বাড়িয়ে ৩৩০০ টাকা করে দিয়েছি। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, গান-বাজনার জন্য রাজ্যের প্রতিটি আদিবাসী ছাত্রীদের আবাসিক হোস্টেলে হারমোনিয়াম, মাদল এবং ধামসা দেওয়া হবে। 

Advertisement

পরে হাতিপোতা মোড়ে বীরসা মুণ্ডার মূর্তির উন্মোচন করে তিনি রায়ডাক গল্ফকোর্সের মাঠের দিকে রওনা দেন। সেখানে বীরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষ্যে আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। গল্ফকোর্সের মাঠের মঞ্চে সাংসদ খগেন মুর্মুকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বলেন, খগেনবাবুর উপর আত্মঘাতী হামলার কেস রি-ওপেন করা হবে। কাউকে ছাড়া হবে না। আদিবাসী সমাজের জন্য আমাদের সরকার সর্বতোভাবে কাজ করে যাবে। চা শ্রমিকদের ল্যান্ড পাট্টা দেওয়া হবে। বর্তমানে চা বাগানের কিছু সমস্যা  রয়েছে। সে সব মেটানো হবে। আমাদের সরকার পাঁচজন আদিবাসী নেতাকে রাজ্য মন্ত্রিসভায় জায়গা দিয়েছে। রাজ্য সরকার আদিবাসী সমাজের সঙ্গেই আছে। আদিবাসীদের সমস্ত উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে আমাদের সরকার।