নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিনে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয় কালীঘাট চত্বর। সন্ধ্যায় সেই ঝামেলার জন্য রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে লোকসান হয়েছে কালীঘাট পটুয়াপাড়ার মৃৎশিল্পীদের। তাঁদের দাবি, এই কারণে কালীপুজোর আগের রাতে তাঁদের তৈরি প্রতিমা বিক্রি হয়নি। তাঁদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সেই মৃৎশিল্পীদের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৮০ মৃৎশিল্পীকে ৭ হাজার টাকা করে দেওয়া হয়। সেই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভাইপো আর তাঁর পিসির তাণ্ডবে অধিকাংশ মৃৎশিল্পী ঠাকুর বিক্রি করতে পারেননি। রাস্তা বন্ধ করে এই ভিআইপি কালচার চলবে না। সামনে জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো অনেক কিছু রয়েছে। আমি ওসি কালীঘাট, ওসি ভবানীপুর ও ডিসি সাউথকে নির্দেশ দিচ্ছি, এরপরে যদি কোনো ভিআইপি কালচারের জন্য মৃৎশিল্পীদের ক্ষতি হয়, তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন। এরকম ঘটনা ফের ঘটলে আমি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পিছপা হব না।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রত্যেকের প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা করে ক্ষতি হয়েছে। কিন্তু আমার এত টাকা নেই। আমি তো তোলাবাজ নই। মুখ্যমন্ত্রী হিসাবে আমি যা বেতন পাই, তা থেকেই কিছু কিছু করে টাকা দিয়ে গেলাম।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কালীঘাটে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেদিনের তিন অভিযুক্তকে সঙ্গে নিয়ে মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণে যায় পুলিশ।
এদিকে, মঙ্গলবার কালীঘাট
চত্বর সাক্ষী থাকল এক নতুন সমীকরণের। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের কালীপুজোয় যান মুখ্যমন্ত্রী। সেখানে বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে আরতি করেন মুখ্যমন্ত্রী। বাবুন বলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার বর্তমানে কোনো সম্পর্ক নেই। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তৃণমূলের বর্ষীয়ান নেতাদের সঙ্গে মমতা থাকতেন, তাহলে আমিও দিদির পাশে থাকতাম।’ এদিন মুখ্যমন্ত্রী কালীঘাটে চারটি পুজো মণ্ডপে যান। উল্লেখ্য, সবকটিই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার পুজো। বিশেষ করে বাবুনের পুজোয় মুখ্যমন্ত্রীর আসার ঘটনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাহলে কি এবার বিজেপিতে দেখা যাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইকে? তবে এনিয়ে মুখ খুলতে চাননি বাবুন। তাঁর মুখে ছিল মৃদু হাসি।



