নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ ২২ শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। শুক্রবার বিশ্বকবিকে প্রণাম জানিয়ে ‘ভাষা-সন্ত্রাস থাকবে না’ এমন একটি ভারতবর্ষ গড়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘জাগরিত হোক সেই দেশ, যেখানে রবীন্দ্রনাথের ভাষা, বাংলা ভাষা, সম্মান পায়, মর্যাদা পায় ও সকল দেশবাসীর ভালবাসা পায়। বিকশিত হোক সেই দেশ, যে-দেশে ভাষা-সন্ত্রাস থাকবে না।’
২৮ জুলাই রবীন্দ্রনাথ ঠাকুরের পুণ্যভূমি বোলপুর থেকে বাংলা ভাষার উপর আক্রমণের বিরুদ্ধে ‘ভাষা আন্দোলনের’ সূচনা করেন মমতা। সেখান থেকেই বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে সুর সপ্তমে তুলে বলেন, ‘এ ভাষা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা। এই ভাষার অপমান মেনে নেব না’। এছাড়াও তিনি প্রতিটি অনুষ্ঠান থেকে ডাবল ইঞ্জিন রাজ্যে বাংলা ভাষাকে আক্রমণের বিরুদ্ধে সরব হচ্ছেন। শুক্রবার মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আমার প্রণতি জানাই। প্রতিদিন, প্রতিক্ষণ তিনি আমাদের অন্তরে থাকেন। তিনি আমাদের প্রাণের কবি—আজ তাঁকে বিশেষভাবে অন্তরে আহ্বান করি। তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের ধ্রুবতারা। রবীন্দ্রনাথ আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী। তাঁর স্মরণে প্রতিদিনই পুণ্যদিন। কবিকে স্মরণ করি ও তাঁকে উদযাপন করি বছরভর এবং দিবারাত্র।’
অন্যদিকে, সরাসরি না বললেও, বাংলা ভাষা বলে কোনও ভাষা নেই এই প্রশ্নের মুখে রাজ্যপাল সি ভি আনন্দ বোস কবিগুরুর ‘বাংলার মাটি বাংলার জল...’ গানটির কয়েক লাইন গেয়ে বাংলা ভাষার প্রতি তাঁর সম্মান ও সমর্থন জানান।