Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ফসলের সহায়ক মূল্য বাড়াল কেন্দ্র

খরিফ মরশুমের চাষে উৎসাহ বাড়াতে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) বৃদ্ধি করল কেন্দ্র। সরকার জানিয়েছে, খরিফ চাষে সাধারণ ধানের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য করা হচ্ছে কুইন্টাল প্রতি ২ হাজার ৩৬৯ টাকা।

ফসলের সহায়ক  মূল্য বাড়াল কেন্দ্র
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: খরিফ মরশুমের চাষে উৎসাহ বাড়াতে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) বৃদ্ধি করল কেন্দ্র। সরকার জানিয়েছে, খরিফ চাষে সাধারণ ধানের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য করা হচ্ছে কুইন্টাল প্রতি ২ হাজার ৩৬৯ টাকা। খরিফ মরশুমে এক কুইন্টাল ধান ফলাতে কৃষকের ১ হাজার ৫৭৯ টাকা মতো খরচ হয় বলেই কৃষিমন্ত্রকের হিসেব। তাই কৃষকরা প্রায় ৫০ শতাংশ লাভবান হবে বলেই সরকারের দাবি। সাধারণ ধানের পাশাপাশি ‘এ’ গ্রেড ধানের ক্ষেত্রেও ন্যূনতম সহায়ক মূল্য গতবারের চেয়ে কুইন্টাল প্রতি ৬৯ টাকা বাড়ানো হয়েছে। এবার ওই ধানে কুইন্টাল প্রতি ২ হাজার ৩৮৯ টাকা মিলবে। অড়হর ডালের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে ৪৫০ টাকা। মিলবে কুইন্টাল প্রতি ৮ হাজার টাকা। বিউলির ডালের ক্ষেত্রে গতবারের চেয়ে ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে কুইন্টাল প্রতি ৪০০ টাকা। এবার ন্যূনতম সহায়ক মূল্য মিলবে ৭ হাজার ৮০০ টাকা। তুলোর ক্ষেত্রেও ন্যূনতম সহায়ক মূল্য ৫৮৯ টাকা বাড়ানো হচ্ছে। বাদাম, সূর্যমুখী, সয়াবিনের মতো পাঁচ ধরনের তৈলবীজের ক্ষেত্রেও গতবারের চেয়ে ন্যূনতম সহায়ক মূল্য ৪৩৬ থেকে ৮২০ টাকা বাড়ানো হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ