মুম্বই, ১৫ নভেম্বর: কিছু আবছা হয়ে যাওয়া স্মৃতি। আর সেই স্মৃতি আর আধুনিক এআই প্রযুক্তির সহায়তা নিয়ে আড়াই বছর পর পরিবারের কাছে ফিরলেন মানসিক ভাবে বিপর্যস্ত এক মহিলা। মহারাষ্ট্রের পারভানি জেলায় ৪৫ বছরের জুলেখা মুকিদ শেখের ঘরে ফেরার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এই ঘটনা নজির সৃষ্টি করেছে দেশজুড়ে।
বাড়ি থেকে হারিয়ে যাওয়ার পর কোথায় কেটেছে তাঁর দিন, কী ভাবে কেটেছে দীর্ঘ সময় তার উত্তর খুঁজতেই দীর্ঘ লড়াই। অবশেষে গুগল ও জনপ্রিয় এআই টুলের সাহায্যে খুঁজে পাওয়া গেল তাঁর ঠিকানা। আর সেই সূত্র ধরেই আড়াই বছর পর পরিবারের সঙ্গে পুনর্মিলন হল জুলেখার। সূত্রের খবর, ২০২৪ সালের ৩ এপ্রিল জুলেখাকে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার পানদুরের সানভিতা আশ্রমে ভর্তি করা হয়েছিল। মুম্বইয়ের কুরলার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাঁকে সেখানে পাঠানো হয়। কোলাবা থানার পুলিশ এবং চেম্বুরের সরকারি মহিলা ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রের এক আধিকারিকের আবেদনের ভিত্তিতে ওই নির্দেশ দেওয়া হয়েছিল।
জুলেখার পরিবারের খোঁজ পেতে এরপর উদ্যোগী হন জীবন আনন্দ সংস্থার ট্রাস্টি কিষাণ চৌরে এবং তাঁর সহযোগীরা। নিয়মিত কথোপকথনের মাধ্যমে জুলেখার অতীত, বাড়ির ঠিকানা এবং পরিচিত পরিবেশ সম্পর্কে নানা তথ্য জানার চেষ্টা করেন তাঁরা। কথার ফাঁকে পাওয়া ছোট ছোট সূত্রই হয়ে ওঠে অনুসন্ধানের হাতিয়ার। সেই তথ্য গুগল সার্চ জনপ্রিয় এআই টুলের সাহায্যে বিশ্লেষণ করে শেষ পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয় জুলেখার আদি ঠিকানা। এরপর পুলিশের সহযোগিতায় যোগাযোগ করা হয় তাঁর আত্মীয়দের সঙ্গে। দীর্ঘ আড়াই বছর পর ফোনের ওপারে পরিবারের কণ্ঠস্বর শুনতে পান জুলেখা। স্বজনদের কাছেও যেন ফিরে আসে হারিয়ে যাওয়া মানুষটিকে পাওয়ার আশা। গত ৯ নভেম্বর জুলেখার স্বামী মুকিদ শেখ সানভিতা আশ্রমে পৌঁছন। সেখান থেকেই স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। দীর্ঘ বিচ্ছেদের অবসান ঘটে এক আবেগঘন পুনর্মিলনে। এই উদ্যোগ প্রসঙ্গে কিষাণ চৌরে বলেন, 'ধৈর্য ধরে কথা বলা এবং গুগল সার্চ ও এআই প্রযুক্তিকে একসঙ্গে কাজে লাগিয়েই আমরা তাঁর পরিবার ও ঠিকানার সন্ধান পেয়েছি। পুলিশ স্কোয়াডের সঙ্গে সমন্বয় করে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াও সম্ভব হয়েছে।' প্রযুক্তি যে শুধু তথ্য খোঁজার মাধ্যম নয়, কখনও কখনও হারিয়ে যাওয়া মানুষের জীবনে স্বজনদের কাছে ফেরার পথও তৈরি করতে পারে, জুলেখার ঘরে ফেরার কাহিনি যেন তারই উদাহরণ।



