ফের সিএনজির দামবৃদ্ধি, আজ থেকেই কার্যকর নতুন দাম
  • ১৫ নভেম্বর, ২০২৬ ১০:০২
Prefer us on Google

মুম্বই, ১৫ নভেম্বর: এক ধাক্কায় কেজি প্রতি ১.৫০ টাকা বাড়ল সিএনজির দাম। আজ রবিবার থেকে মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন এবং সংলগ্ন এলাকায় নতুন দাম কার্যকর করছে মহানগর গ্যাস লিমিটেড। এর ফলে সিএনজির দাম বেড়ে দাঁড়াবে কেজি প্রতি ৯১.৫০ টাকা। বছরের শুরুতে এই দাম ছিল ৮০.৫০ টাকা। অর্থাৎ, গত ১১ মাসে মোট ১১ টাকা দাম বেড়েছে সিএনজির। 

Advertisement

চলতি বছরে এই নিয়ে অষ্টমবার সিএনজির দাম বাড়াল মহানগর গ্যাস লিমিটেড। আর ঠিক এর জেরে আগামী দিনে বাড়তি চাপ পড়তে চলেছে অটোচালক, ট্যাক্সিচালক এবং সিএনজি চালিত ব্যক্তিগত গাড়ির মালিকদের পকেটে।

দামবৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কট এবং দেশীয় গ্যাস সরবরাহে ঘাটতির কথা জানিয়েছে সংস্থা। মহানগর গ্যাস লিমিটেড-এর দাবি, দেশীয় গ্যাসের বরাদ্দ কমে যাওয়ায় বেশি দামে আমদানি করা রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস-এর উপর নির্ভরতা বাড়ছে। ফলে সিএনজি উৎপাদনের জন্য প্রয়োজনীয় গ্যাস সংগ্রহের খরচও বেড়েছে। সংস্থার বক্তব্য, ক্রমবর্ধমান খরচের আংশিক ভার সামলাতেই এই মূল্যবৃদ্ধি। একইসঙ্গে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সিএনজি সরবরাহ নিশ্চিত করাও তাদের লক্ষ্য।

উল্লেখ্য, ফেব্রুয়ারি থেকে একাধিক দফায় দাম বাড়িয়েছে মহানগর গ্যাস লিমিটেড। সর্বশেষ এই বৃদ্ধির ফলে বছরের শুরু থেকে সিএনজির দাম প্রায় ১৪ শতাংশ বেড়ে গেল।