রাঁচি, ১৫ নভেম্বর: অন্ধবিশ্বাসের এমন ভয়াবহ পরিণতি যে অপেক্ষা করছে, তা ঘুণাক্ষরেও টের পায়নি আট বছরের এক শিশু। কালীপুজোর রাতে অলৌকিক ক্ষমতা অর্জনের আশায় নিজের পরিবারের লোকেরাই তাকে হত্যা করে বলে ভয়াবহ অভিযোগ উঠে আসে। ঝাড়খণ্ডের চাতরা জেলায় এই নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ৮ নভেম্বর থেকে নিখোঁজ ছিল ওই আট বছরের নাবালিকা। বহু খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না মেলায় গত ১১ নভেম্বর প্রতাপপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন শিশুটির মা। এরপর গত ১৩ নভেম্বর বাড়ি থেকে মাত্র ১৫০ মিটার দূরে একটি ধানখেত থেকে উদ্ধার হয় শিশুটির দেহ। চাতরার পুলিশ সুপার অনিমেষ নৈথানি সংবাদমাধ্যমকে জানান, তদন্তে উঠে এসেছে কুসংস্কার ও তন্ত্রসাধনার নামে শিশুটিকে খুন করা হয়েছে। অভিযোগ, শিশুটির পিসি বাড়িতে তন্ত্রসাধনা করতেন। অমাবস্যার রাতে আধ্যাত্মিক শক্তি অর্জনের উদ্দেশ্যে স্বামীর দাদা ও এক ভাইপোর সঙ্গে মিলে শিশুটিকে হত্যা করেন তিনি। তিনজন মিলে শ্বাসরোধ করে শিশুটিকে খুন করে ধানখেতে দেহ ফেলে আসে বলে অভিযোগ। এর পিছনে শিশুটির পরিবারের সঙ্গে অভিযুক্তদের পুরনো শত্রুতাও ছিল বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্তদের বাড়ি থেকে বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে তদন্তকারীরা। তার মধ্যে রয়েছে রক্তমাখা কাস্তে, কোদাল, ভাঙা লাল চুড়ি, পলাশ গাছের রক্তমাখা পাতা, শিশুটির পোশাক, সিঁদুর, আতর, গোলাপজল, ধূপ এবং হলুদ। পুলিশের দাবি, নরবলির আচার পালনের জন্যই এই সামগ্রীগুলি ব্যবহার করা হয়েছিল। পুলিশ সুপারের দাবি, শিশুটির যৌনাঙ্গে বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল, যাতে মনে হয় সে যৌন হিংসার শিকার হয়েছে। ধৃত তিন অভিযুক্তই অপরাধের কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি। পাশাপাশি, বিহারের এক মৌলবির খোঁজ চলছে। অভিযুক্তদের এই ধরনের আচার পালনের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।



