অযোধ্যা: আজ, অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে অযোধ্যা। ৩০০ বছরের প্রথা ভেঙে রামমন্দির দর্শনে আসছেন হনুমান গড়ি মন্দিরের প্রধান পুরোহিত। এই মন্দিরের প্রধান ‘গদ্দি নাশিন’ হিসেবে পরিচিত। শতাব্দী প্রাচীন রীতি অনুযায়ী, তাঁকে সারাজীবন হনুমান গড়ি মন্দিরের অন্দরেই থাকতে হয়। তবে রামলালার দর্শনের জন্য এবার সেই রীতিই ভাঙতে চলেছেন তিনি। আজ, জাঁকজমকপূর্ণ একটি শোভাযাত্রা আয়োজিত হবে অযোধ্যায়। সেই শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন হনুমান গড়ির প্রধান পুরোহিত মহন্ত প্রেম দাস। ১.৬ কিলোমিটার পথ অতিক্রম করে রামমন্দির পৌঁছবেন তিনি।
অষ্টাদশ শতকে অযোধ্যায় প্রতিষ্ঠা হয়েছিল হনুমান গড়ি মন্দির। তখন থেকেই অত্যন্ত কঠোর রীতিনীতি মেনে চলে এই মন্দির। এর আগে একবার এক মামলায় প্রধান পুরোহিতকে আদালতে হাজির হওয়ার কথা বলেছিল। তবে কঠোর নীতির কারণে তা সম্ভব হয়নি। অবশেষে আজ, বুধবার সেই নিয়ম ভেঙে রামলালার দর্শনে যাবেন প্রধান পুরোহিত। তাঁকে রামমন্দিরে যাওয়ার অনুমতি দিয়েছেন নির্বাণী আখড়ার পঞ্চরা (সদস্য)। সম্প্রতি তাঁদের কাছেই এই ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। আখড়ার প্রধান জানিয়েছেন, প্রধান পুরোহিতের সঙ্গে এদিন থাকবেন তাঁর শিষ্য, নাগা সাধু ও বহু ভক্ত। থাকবে হাতি, উট, ঘোড়াও। সকাল ৭টায় সময় সরযূ নদীর তীরে পৌঁছবেন প্রধান পুরোহিত। সেখানে স্নান করবেন তিনি। তারপর শুরু হবে শোভাযাত্রা। হনুমান গড়ি মন্দির থেকে ৫৬রকমের ভোগ নিবেদন করা হবে রামলালাকে।