ভাঙড়ে বোমা ও বন্দুক উদ্ধার, ধৃত ২
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আজ, বুধবার বিকেলে বিজয়গঞ্জ বাজার থানা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগের রাতে বড়ো সাফল্য পেল উত্তর কাশীপুর থানার পুলিশ। মঙ্গলবার রাতে ভোগালি ২ অঞ্চলের বানিয়াড়া এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে ২৮টি তাজা বোমা ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে শেখ হাকিম ও শামিম খানকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শামিমের বাড়ির রান্নাঘর থেকে প্লাস্টিকের ড্রামে রাখা ছিল বোমাগুলি। একটি বস্তায় লুকোনো বন্দুকটি। অভিযোগ, কয়েক দিন আগে হাকিম এসব এনে মজুত করে রেখেছিল। ধৃতদের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের দাবি, ওই দুজন আইএসএফ কর্মী।  অন্যদিকে, আইএসএফের জেলা পরিষদ সদস্য রাইনুর হক অভিযোগ অস্বীকার করেছেন। তিনি  নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Advertisement