মাঝরাস্তায় উল্টে গেল তেলের ট্যাঙ্কার, জখম একাধিক, অবরুদ্ধ একাধিক লেন
  • ১৫ অক্টোবর, ২০২৬ ১৩:৪৪
Prefer us on Google

Advertisement

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পঞ্চমীর সকাল। মানুষের মধ্যে উৎসবের আমেজ রয়েছে। কেউ গাড়ি নিয়ে যাচ্ছেন অফিসে আবার কেউ যাচ্ছেন ঘুরতে। কিন্তু তার মধ্যেই যশোর রোডে বিপত্তি। একটি তেল বোঝাই ট্যাঙ্কার উল্টে যায় মাঝরাস্তায়। আজ, ঘটনাটি ঘটে বিমানবন্দর সংলগ্ন বাঁকড়া এলাকার যশোর রোডে। দূর্ঘটনার জেরে রাস্তা জুড়ে ডিজেল ছড়িয়ে পড়ার ফলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তেলের উপর পিছলে গিয়ে আহত হন একাধিক বাইক ও স্কুটি চালক। এর ফলে একাধিক লেনে যানচলাচল ব্যাহত হচ্ছে। সকাল সকাল সাধারণ মানুষদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে।  
সূত্রের খবর, আজ, সকালে ওই ট্যাঙ্কারটি বিমানবন্দরের দিক থেকে মধ্যমগ্রামের দিকে যাচ্ছিল। বাঁকড়া এলাকায় ঢুকতেই দ্রুত গতিতে যাওয়া ওই তেল ট্যাঙ্কারটির চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। মাঝরাস্তায় বিকটশব্দে উল্টে যায় ওই ট্যাঙ্কারটি। গোটা রাস্তায় ডিজেল ছড়িয়ে পড়ে। এই তেলের জন্যই বাইক স্কুটি পিছলে গিয়ে আহত হন চালকরা। তড়িঘড়ি ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। ট্যাঙ্কার চালকের কোনো খবর পাওয়া যায়নি। একাধিক লেনে যানচলাচল ব্যাহত হওয়ায় অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ।
মাঝরাস্তায় তেল ছড়িয়ে পড়তেই গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা থেকে তেল পরিষ্কারের কাজ শুরু হয়েছে। অন্য দিকে ট্যাঙ্কারটিকেও ক্রেন নিয়ে এসে সরানো হয়েছে। ধীরে ধীরে যানজটের পরিস্থিতিও সামাল দেওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।