বেঙ্গালুরু: ভারতীয় রেলের খাবারের মান নিয়ে অভিযোগ বহুদিনের। তালিকায় রয়েছে বন্দেভারতও। ফের একবার এই প্রিমিয়াম ট্রেনের খাবারের মান নিয়ে প্রশ্ন উঠল। কর্ণাটকের বেলাগাভি থেকে বেঙ্গালুরুগামী বন্দেভারত এক্সপ্রেসের খাবারে মিলল বড়োসড়ো একটি বোল্ট। এক্স হ্যান্ডলে সমর্থ কোদিয়াল নামের এক যাত্রী জানিয়েছেন, আইআরটিসির দেওয়া বড়াতে তিনি একটি বড়ো বোল্ট পেয়েছেন। রেলমন্ত্রক সহ একাধিক সরকারি এক্স হ্যান্ডলে সেই ছবি ট্যাগও করেছেন সমর্থও। তারপরেই টনক নড়েছে রেল কর্তৃপক্ষের। আইআরটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, খাবার পরিবেশনকারী সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। রান্নার সময় যাবতীয় এসওপি (স্ট্যান্ডার্ড ওপারেটিং প্রসিডিওর) মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পুনরাবৃত্তি এড়াতে আধিকারিকদের নিয়মিত অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।



