নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ, বার্তা মোদির
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগেই ডিলিমিটেশন বিল নিয়ে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদি। শনিবার তিনি বলেন, সংসদ ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। মহিলাদের হাতে তাঁদের এই অধিকার তুলে দেওয়া হবেই। সেজন্য সব বাধাই সরিয়ে ফেলা হবে। পুসায় বিজেপির জাতীয় পদাধিকারীদের উদ্দেশে বৈঠকে ভাষণ দিতে গিয়েও মোদি এই  প্রসঙ্গ উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘একের পর এক জনস্বার্থবাহী সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। আনা হচ্ছে গুরুত্বপূর্ণ বিল। এমনকি মহিলা সংরক্ষণের বন্দোবস্ত করছে কেন্দ্র।’

Advertisement

শুক্রবার দিল্লিতে শুরু হয় বিজেপির জাতীয় পদাধিকারীদের দু’দিনের বৈঠক। শনিবার তা শেষ হয়েছে। দু’দিনই বৈঠকে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর বার্তা, ‘সরাসরি মানুষের আস্থা জিতুন। আমজনতার বিশ্বাস অর্জন করুন। একমাত্র তাহলেই সাধারণ মানুষ আপনাকে মনে রাখবে। আপনার সঙ্গে সংযোগ রক্ষা করতে চাইবে।’ 
এরইমধ্যে এম কে স্ট্যালিনের ডিএমকে ও শারদ পাওয়ারের এনসিপি (এসপি)-র তরফে ডিলিমিটেশন বিলে সমর্থনের বার্তা আসার পরই এদিন এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো প্রকাশ করেন প্রধানমন্ত্রী।সেখানে তিনি বলেন, ‘মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বহু দশক ধরে এই লড়াই চলছে। যুদ্ধের শরিক আমিও। দেশের নারীশক্তিকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি পূরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’ অমিত শাহ বলেছেন, ‘নারীশক্তি বন্দন আইনের মাধ্যমে লোকসভা ও রাজ্যগুলির বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ এবার বাস্তবের মুখ দেখবে।’