এই বিলে সায় দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা, হুমকি এবার ককরোচদেরও
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন, ‘নারীশক্তি’কে দেওয়া প্রতিশ্রুতি পূরণ এখন শুধুই সময়ের অপেক্ষা। অর্থাৎ, নম্বর নিশ্চিত। অনেক হিসাব কষেই ডিলিমিটেশন বিল আনার জন্য তাঁর সরকার ‘বিশেষ অধিবেশন’ ডেকেছে। সেই অঙ্কের মধ্যে যে ডিএমকে-এনসিপি (শারদ পাওয়ার) বিলক্ষণ জায়গা করে নিয়েছে, তা নিয়েও সংশয় নেই। আর এই পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলিকে একহাত নিল ককরোচ জনতা পার্টি। রাখঢাক ছাড়াই তাদের বার্তা, এই ডিলিমিটেশন বিলে যারা সমর্থন দেবে, তারা বিশ্বাসঘাতকতা করবে দেশের মানুষের সঙ্গে। কীভাবে এই বিল থেকে অতিরিক্ত সুবিধা আদায় করে নিতে চলেছে পদ্মপার্টি, তা কার্যত অঙ্ক কষে দেখিয়েছেন অভিজিৎ দিপকে। বিলের বিরোধিতায় সরব হয়েছেন বুকারজয়ী লেখিকা অরুন্ধতী রায়ও। তার মতে এই বিল আইনে পরিণত হলে মুখ থুবড়ে পড়বে গণতন্ত্র। প্রশস্ত হবে ফ্যাসিবাদের রাস্তা।

Advertisement

সিজেপি আশঙ্কা প্রকাশ করেছে, বিধানসভা ও লোকসভা আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে গেরুয়া শিবিরকে অতিরিক্ত সুবিধা দেওয়া হতে পারে। কারসাজি করা হতে পারে ইলেক্টোরাল ম্যাপের সঙ্গেও। ককরোচদের হুঁশিয়ারি, সংসদে এই বিলের দিকে নজর রাখছে গোটা দেশ। অভিজিৎ দিপকে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ধরে নিন কোনো আসনে ১ হাজার ভোটার রয়েছে। বিজেপি পেয়েছে ৪০০ ভোট, বিরোধীরা ৬০০। স্বাভাবিকভাবেই আসনটি গিয়েছে বিরোধীদের দখলে। আসন ভেঙে দু’টি করার পর একটি আসনে বিজেপির ভোটার সংখ্যা হল ২৬০। বিরোধীদের ২৪০। অন্যদিকে বিজেপির ১৪০। বিরোধীদের ৩৬০। ফলে বিজেপির ঝুলিতে যাবে অতিরিক্ত একটি আসন। কিন্তু বিরোধীদের কোনো লাভই হবে না।’ পাশাপাশি সংসদে যুব সমাজের প্রতিনিধিত্ব নিয়েও সরব হয়েছেন দিপকে। তাঁর দাবি, ২০২৯ সালে দেশের ৬০ শতাংশ ভোটারের বয়স হবে ৩৫ বছরের নীচে। সেখানে বর্তমানে মাত্র ৫ শতাংশ সাংসদের বয়স ৩৫ বছরের কম। যুব সমাজের প্রতিনিধিত্ব বৃদ্ধি নিয়ে কেউ সওয়াল করছে না। 
এদিন দিল্লিতে ন্যাশনাল কনক্লেভ অব রাইটার্সে বুকারজয়ী লেখিকা অরুন্ধতী রায় বলেছেন, ‘ডিলিমিটেশন বিল গণতন্ত্রের মেরুদণ্ড ভেঙে দেবে। এই বিল কেবল আসন সংখ্যা বা সাংসদ বাড়ানোর বিষয় নয়। মহিলা বিলের সঙ্গে নারী অধিকারেরও কোনো সম্পর্ক নেই। পুনর্বিন্যাসের মাধ্যমে নতুন করে জাতি, ধর্ম ও সমাজের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা হবে। যদি সন্দেহ থাকে কাশ্মীর ও অসমের আসন পুনর্বিন্যাস দেখুন।’ বিলের বিরোধিতায় সরব হয়েছেন অসমের রাইজর দলের নেতা তথা বিধায়ক অখিল গগৈও। তাঁর দাবি, লোকসভার আসন বৃদ্ধির পর মাত্র ২৬৭টি আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে। ফলে সংখ্যার বিচারে কোনো ক্ষমতাই থাকবে না নারীদের আদতে। বিরোধী শিবিরের সাংসদদের এককাট্টা হওয়ার ডাক দিয়েছেন তিনিও।