বাড়তি আসনে খরচ বৃদ্ধি ৬,৫০০ কোটি, গণতন্ত্রের সম্প্রসারণ! বিপুল ব্যয়ভার বহনে দেশ কি প্রস্তুত?
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলহার মুখোপাধ্যায়, কলকাতা: দেশে চর্চা একটাই, লোকসভার আসন বৃদ্ধি। মহিলাদের সংরক্ষণ সংক্রান্ত লোকসভা আসন পুনর্বিন্যাস বিল নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক। শেষপর্যন্ত যদি এই সংবিধান সংশোধনী বিলটি পাশ হয়ে যায়, তাহলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে ৫০ শতাংশ বেড়ে হবে ৮১৫। অর্থাৎ, দেশজুড়ে লোকসভা কেন্দ্র বাড়বে ২৭২টি। অর্থনীতিবিদদের বক্তব্য, সাংসদ বৃদ্ধি পেলে বাড়তি সংখ্যার জন্য প্রত্যক্ষভাবে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ বৃদ্ধি পাবে। একেই মূল্যবৃদ্ধির তারসে গোটা দেশ পুড়ছে। এই অবস্থায় বাড়তি খরচের বোঝা দেশের কোষাগারকে যে আঘাতটা দেবে তা সামলানো বাস্তবে কঠিন! আর এ তো শুধু লোকসভার ব্যয়ের হিসাব। ৫০ শতাংশ আসন বৃদ্ধির ফর্মুলা কার্যকর হবে রাজ্যগুলিতেও। ফলে এমএলএদের সংখ্যাও বাড়বে। তাতে রাজ্যগুলির কোষাগার থেকে গলে যাবে আরও অন্তত হাজার ছয়েক কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ সরকারি কোষাগারে জোগাবে কে? করের অঙ্কও কি তাহলে বাড়বে? উঠছে প্রশ্ন।

Advertisement

রান্নার গ্যাস, পেট্রল-ডিজেল, ওষুধ, খাদ্যপণ্য থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, সাম্প্রতিক সময়ে কোনো কিছুর দামেই স্বস্তি নেই। মধ্যবিত্তের সঞ্চয় তলানিতে। নিম্নবিত্তের সংসার চালানো দায়। এই পরিস্থিতিতে আসন বাড়ানোর পরিকল্পনা নতুন করে প্রশ্নের মুখে ফেলছে দেশের আর্থিক অগ্রাধিকারকে। গণতন্ত্রের প্রতিনিধিত্ব না হয় বাড়বে, কিন্তু তার আর্থিক দায় বহন করবে কে? জনগণের করের টাকায় জনপ্রতিনিধিদের জন্য তৈরি করতে হবে খরচের বিশাল পরিকাঠামো। কিন্তু দেশের অর্থনৈতিক পরিস্থিতি কি এই বিপুল বাড়তি ব্যয় বহনের উপযোগী অবস্থায় আছে? প্রশ্ন তুলছেন অর্থনীতি বিশেষজ্ঞ মহল। তাঁদের দাবি, দেশে বেকার তরুণ-তরুণীরা কর্মসংস্থানের সুযোগের জন্য হন্যে। কৃষকরা হাড়ভাঙা পরিশ্রমের পরও ফসলের ন্যায্য দাম পান না। সরকারি হাসপাতালের পরিকাঠামো দুর্বল। সরকারি স্কুলে শিক্ষক কমছে। আর সেই দেশেই বাড়তে চলেছে জনপ্রতিনিধিদের সংখ্যা। এই রাজনৈতিক পদক্ষেপ ভবিষ্যতের জন্য প্রাণঘাতী। জনস্বার্থের কথা না ভেবে বিপুল খরচের এই বোঝা দেশকে আরও পিছনে নিয়ে যাবে। মানুষের থেকে কর আদায় করে সেই টাকায় যদি জনপ্রতিনিধিদের জন্য ব্যয়ের ক্ষেত্র তৈরি করতে হয়, তবে তা গণতন্ত্রের সঠিক বিস্তার নয়। একদিকে মানুষের পেটে টান অন্যদিকে ক্ষমতার অলিন্দে খরচ বাড়ানোর আয়োজন, এ প্রবণতা সর্বনাশ ডেকে আনবে দেশের।