ভোট চুরির অস্ত্র ডিলিমিটেশন: রাহুল, ‘গণতন্ত্র হত্যার নম্বর ৮৫০, জ্ঞানেশ মার্কামারা ক্রিমিনাল’
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘ভোট চুরির নতুন অস্ত্র ডিলিমিটেশন। মোদি সরকার লোকসভার আসন ৫৪৩ থেকে বৃদ্ধি করে ৮৫০ করতে চাইছে। আসল কারণ একটাই—আবার নতুন চুরি। গণতন্ত্রকে ধ্বংস করার পথে মোদি সরকার।’ ঠিক এই ভাষাতেই ডিলিমিটেশন বিলের চরম বিরোধিতা করলেন রাহুল গান্ধী। সরাসরি তোপ দাগলেন সরকার তথা বিজেপিকে। নিশানায় তাঁর নরেন্দ্র মোদি-অমিত শাহ এবং অবশ্যই জ্ঞানেশ কুমার। সাফ বললেন, ‘একবার ডিলিমিটেশন বিল পাশ হয়ে গেলে ভারতের লোকসভা ও বিধানসভা আসনগুলি হয়ে যাবে ফাঁকা ক্যানভাস। সেখানে নিজেদের মতো করে কেন্দ্র তৈরি করে নেওয়া হবে।’ তাঁর কথায়, ‘হয়তো ৮৫০ আসনের কোনটা কোন লোকসভা আসন, সেটাও অমিত শাহ চূড়ান্ত করে ফেলেছেন। জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ডিলিমিটেশন কমিশন শুধু সেটাই কার্যকর করে দেবে।’ রাহুলের তোপ, ‘জ্ঞানেশ কুমার একজন প্রমাণিত ও মার্কামারা ক্রিমিনাল। শুধু তিনি নন, মোদি, শাহ, জ্ঞানেশ থ্রি মাস্কেটিয়ার্স ভারতের সংবিধান বদলে দিতে চাইছেন। কিন্তু আজ আমি ঘোষণা করছি, ডিলিমিটেশন করুক, ভোট চুরি করুক, গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করুক, মোদি-শাহ পরাজিত হবেনই। আজ নয় কাল। চুরি করে যত বেশিদিন তাঁরা জিতবেন, ততই এঁদের জন্য বিপদ বাড়বে। কারণ দেশজুড়ে মানুষ প্রবল ক্ষুব্ধ। সুতরাং শেষ পর্যন্ত জিতব আমরাই। আর তারপর, এই প্রত্যেককেই জেলে পাঠানো হবে। নিশ্চিত ভবিষ্যৎ।’

Advertisement

আগামী কাল সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। মূলত ডিলিমিটেশন বিল পেশ করার জন্যই এই অধিবেশন। মহাজোট ‘ইন্ডিয়া’কে কিছুটা ছত্রভঙ্গ করে মোদি সরকার ইতিমধ্যেই শারদ পাওয়ারের এনসিপি এবং ডিএমকের মতো বিজেপি বিরোধী দলকে কাছে টেনে নিতে সমর্থ হয়েছে। তারা জানিয়ে দিয়েছে, সমর্থন দেবে বিলকে। একইভাবে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতিও এই বিলের পক্ষে। সুতরাং সব মিলিয়ে ক্রমেই প্রয়োজনীয় গরিষ্ঠতার কাছাকাছি সরকার। আত্মবিশ্বাস ঝরে পড়ছে মন্ত্রীদের কথায়। অমিত শাহ থেকে কিরেন রিজিজু, প্রত্যেকে বলছেন, ‘সব দলের যা যা সংশয় ছিল, সেগুলি দূর করা হয়েছে। সেই কারণে এখন আর সমর্থন করতে সমস্যা নেই।’ তাহলে ‘ইন্ডিয়া’তে ফাটল কি আরও বাড়বে? আরজেডি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অবস্থান কী হবে? যদিও শনিবার মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে ‘ইন্ডিয়া’র শরিকদের বৈঠকে দুই দলের প্রতিনিধিই উপস্থিত ছিলেন। তারপরও ধোঁয়াশা থাকছে। যদি তারা ওয়াক আউট করে, সুবিধা হবে সরকারেরই। কারণ, দুই-তৃতীয়াংশের জন্য প্রয়োজনীয় সংখ্যা কমে যাবে। 
সেই আঁচ রাহুলও পেয়েছেন। তাই সরাসরি আক্রমণে গিয়েছেন তিনি। সাফ বলেছেন, ‘যারা ভীরু তাদের কিন্তু ইতিহাস মনে রাখবে। আজকের গণতন্ত্র ও সংবিধান রক্ষার যুদ্ধের সময় কারা ভয় পেয়ে গেল, আর কারা সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে মোকাবিলা করছে এই স্বৈরতন্ত্রী সরকারের, সেটা দেখছে জেন জি। তবু আমি সবাইকে আহ্বান করছি, যাতে সম্মিলিতভাবে এই অগণতান্ত্রিক বিল আটকানো যায়। তেলুগু দেশম, সংযুক্ত জনতা দল, জগনমোহন রেড্ডি... সকলকে অনুরোধ করব। বিজেপি ভারতে একনায়কতন্ত্র চালু করতে চলেছে। সংবিধান রক্ষার এই লড়াইয়ে আমরা জিতবই! মোদি শাহ হারবেন! ভারতের গণতন্ত্র ধ্বংস করা যাবে না।’ তাঁর কথায়, ‘২০২৪ ভুয়ো নির্বাচন। নরেন্দ্র মোদি ভুয়ো প্রধানমন্ত্রী।’ এদিন রাহুলের পাশাপাশি মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, ‘তফসিলি জাতি এবং উপজাতিদের অধিকার কেড়ে নিতে চলেছে এই ডিলিমিটেশন বিল। কারণ, ২০১১ সালের নিরিখে হওয়ায় আগামী ৪০ বছর পর্যন্ত আর কোনো সংরক্ষণ দেওয়া হবে না তাদের। নতুন সেন্সাসে অনগ্রসরদের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে। অথচ সংরক্ষণ তারা পাবে না। এটাই কৌশল মোদি ও শাহের।’