ভারতে নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় নাম উঠেছিল সোনিয়া গান্ধীর
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতের নাগরিক হওয়ার আগেই সোনিয়া গান্ধীর নাম ভোটার তালিকায় উঠে গিয়েছিল। শনিবার আদালতে জমা দেওয়া রিপোর্টে এমনটাই দাবি করল দিল্লি পুলিশ। সম্প্রতি সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে পুলিশের কাছে একটি অভিযোগ জমা পড়ে। কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে তদন্তের আরজি জানান আইনজীবী বিকাশ ত্রিপাঠী। এবিষয়ে পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছিলেন অতিরিক্ত মুখ্য দায়রা বিচারক বিনোদ যোশি। উত্তরে পুলিশ জানায়, যে বিষয়ে অভিযোগ তোলা হয়েছে তা আইপি এস্টেট থানা এলাকার মধ্যে পড়ে না। তাই তুঘলক রোড থানায় মামলা স্থানান্তরিত করা হয়। পরে একটি রিপোর্ট পেশ করেন তুঘলক রোড থানার এসএইচও। তিনি জানান, সোনিয়ার নাগরিকত্বের তথ্য চেয়ে নয়াদিল্লির জেলাশাসককে নোটিস পাঠানো হয়। উত্তর পাওয়ার পরেই সবকিছু স্পষ্ট হয়ে যায়। জানা যায়, ১৯৮৩ সালে নাগরিকত্ব পান সোনিয়া। তা সত্ত্বেও ১৯৮০ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল বলে দাবি। তবে ফর্ম ৬ সহ অন্যান্য নথি এখনও হাতে আসেনি। রিপোর্টে লেখা হয়, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও নোটিস পাঠানো হয়েছিল। ওরা জানিয়েছে, ১৯৮৩ সালের ৩০ এপ্রিল আন্তোনিয়া মেইনো ওরফে সোনিয়া গান্ধীকে নাগরিকত্ব দেওয়া হয়। তদন্ত এগলে এবিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।’ মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর।- ফাইল চিত্র

Advertisement