নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শ্রমিকদের অধিকার রক্ষায় হাওড়ার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) টার্মিনাল এলাকায় আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল বিজেপির শ্রমিক সংগঠন ‘ভারতীয় জনতা মজদুর সেল’। মঙ্গলবার আন্দুল রোডের ধারে হাওড়া টার্মিনালের উলটোদিকে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সূচনা হয়। সংগঠনের দাবি, এদিন প্রায় ১৫০ জন শ্রমিক তাদের সংগঠনে যোগ দিয়েছেন।
তেলের ডিপো থেকে পণ্য পরিবহণের কাজে যুক্ত গাড়ির চালক ও খালাসিদের বিভিন্ন সমস্যার সমাধান এবং তাঁদের অধিকার রক্ষাই সংগঠনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন নেতৃত্ব। বিশেষ করে শ্রমিকদের বিমা, প্রভিডেন্ট ফান্ড (পিএফ) এবং কর্মক্ষেত্রের অন্যান্য সমস্যা নিয়ে সরব হওয়ার আশ্বাস দিয়েছে সংগঠন। সংগঠনের রাজ্য নেত্রী কেয়া মালিক জানান, শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করতে তাঁরা ধারাবাহিকভাবে কাজ করবেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ, সহ সভাপতি দেবজিৎ কর ও শিবরাম মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। সংগঠনের হাওড়া জেলার কনভেনর প্রদীপ চক্রবর্তী বলেন, এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে নতুন সংগঠনের কাজ শুরু হল। তাঁর দাবি, তেলের ট্যাঙ্কারের চালকদের নো-এন্ট্রি সংক্রান্ত যে সমস্যা ছিল, তা ইতিমধ্যেই মেটানো হয়েছে। প্রসঙ্গত, দমদম বিমানবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শ্রমিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। এবার হাওড়ার আইওসি টার্মিনালকে কেন্দ্র করে সংগঠনের বিস্তারের উদ্যোগ। তবে শ্রমিকদের বিমা, পিএফ সহ একাধিক সমস্যার সমাধানে সংগঠন কতটা কার্যকর ভূমিকা নিতে পারে, এখন সেটাই দেখার।



