নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে কি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করতে পারছেন না? তাঁর প্রধান ক্ষোভের কারণ, নির্বাচন কমিশনের এসআইআর। সম্প্রতি নিজেই সেই ক্ষোভ প্রকাশ্যে জানিয়েছেন। আজ উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। আগামী কাল থেকেই যোগীর নির্দেশে রাজ্যের ৪০৩ বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি জনপদে নামবে বিজেপি। খসড়া তালিকায় বাদ যাওয়া প্রকৃত ভোটারদের নাম তোলার জন্য আবেদনে সাহায্য করাই উদ্দেশ্য। তাদের হাতে দেওয়া হবে পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা। এটি তৈরি করেছে রাজ্য নির্বাচন কমিশন। সেখানে যাদের নাম রয়েছে, তাদের বহু নাম কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তালিকায় নেই। তাই ভোটারদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন যোগী। দলের নির্বাচনী রণকৌশল তৈরি করতে সোমবার মথুরায় যোগী আদিত্যনাথ দু’দিনের বিশেষ চিন্তন শিবিরের আয়োজন করেন। এরকম চিন্তন শিবির মাঝেমধ্যেই হবে বলে জানা যাচ্ছে। উল্লেখযোগ্য হল, এই চিন্তন শিবিরে ৪৫ জন বিশেষ নেতাকেই ডাকা হয়েছে। যারা যোগী অনুগামী হিসেবে পরিচিত। উপ মুখ্যমন্ত্রী দু’জনও থাকবেন। তাঁরাও যোগীর একান্ত বিশ্বস্ত। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের কাউকেই এই চিন্তন শিবিরে আমন্ত্রণ করা হয়নি। চিন্তন শিবিরের এজেন্ডা,আজ এসআইআরে প্রকাশিত তালিকার পর্যালোচনা। বাদ পড়া ১ কোটি ২৭ লক্ষ হিন্দু ভোটারের মধ্যে কত জনের নাম আবার তালিকায় স্থান পেল সেটা খতিয়ে দেখা হচ্ছে চিন্তন শিবিরে। দেখা যাচ্ছে, বিরোধীদের নিয়ে উদ্বেগ নয়, আগামী নির্বাচনে যোগী আদিত্যনাথের প্রধান চিন্তা এসআইআর।



