নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা সফরে দু’দিনের জন্য এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি অনুষ্ঠানে যোগ দিলেও তৃণমূলের নেতা-কর্মীদের বিশেষ বার্তা দিয়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূলের নেতাদের কথায়, রাজ্যজুড়ে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বিজেপি। তাই দলনেত্রী সকলকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে তিনি সকলকে একসঙ্গে চলার পরামর্শও দিয়েছেন। সোমবার শালবনীতে পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগদেন তৃণমূল নেত্রী। সেই কর্মসূচি শেষে তিনি মেদিনীপুরে ফিরে আসেন। রাতে সার্কিট হাউসে ছিলেন। মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কলকাতার উদ্দেশে রওনা দেন। কর্মীদের সঙ্গে বৈঠক না করলেও, তৃণমূলের প্রথম সারির নেতাদের স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, বিজেপি সম্প্রীতি বিঘ্ন ঘটাতে চাইছে। বিভিন্ন উস্কানিমূলক কাজ করছে বিজেপি নেতা-কর্মীরা। তাই আমাদের একসঙ্গে চলার পাশাপাশি সকলকে বাড়তি সজাগ ও সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। আমাদের কর্মীদের কাছে সেই বার্তা পৌঁছে দেব। তবে আমরাও মেদিনীপুরের মাটিকে অশান্ত হতে দেব না। এদিন সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রী অল্প কিছু সময় ধরে কথা বলেন প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারের সঙ্গে। প্রদীপবাবু বলেন, আমাদের অভিভাবক জানিয়েছেন, বিজেপি অশান্ত পরিস্থিতি তৈরি করতে চাইছে। স্থানীয় বাসিন্দাদের জন্য ভালো করে কাজ করার পাশাপাশি সতর্ক থাকতে হবে। মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তবে এই জেলাকে বিজেপি অশান্ত করতে পারবে না। আমরা সজাগ রয়েছি।



