প্রতিমা নিরঞ্জনে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল কিশোর, বন্ধ ফেরি পরিষেবা
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৮:৩৩
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: উৎসবের আবহের মধ্যেই নেমে এল বিপর্যয়। প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ভাগীরথী নদীতে তলিয়ে গেল এক কিশোর। বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার কালনায় কালনা-শান্তিপুর ফেরিঘাটের কালনার দিকে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কিশোরের খোঁজে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা গিয়েছে কিশোরের নাম  শুভজিৎ অধিকারী। অন্যদিকে, শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে কালনা-শান্তিপুর ফেরি পরিষেবা। ফলে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী ও অন্যান্য যাত্রীরা।

Advertisement

প্রশাসন ও ফেরিঘাট সূত্রে জানা গিয়েছে, কালনা শহরের প্রতিমা নিরঞ্জনের জন্য এবার ভাগীরথী নদীর কালনা মিলিটারি ঘাট ও মহিষমর্দিনী ঘাট নির্ধারণ করা হয়েছিল। তা সত্ত্বেও বৃহস্পতিবার গভীর রাতে কালনা শহরের মহাপ্রভু পাড়া বারোয়ারি সমিতির প্রতিমা নিরঞ্জন চলছিল কালনা-শান্তিপুর ফেরিঘাটের কালনার দিকে। লোহার ভেসেলে প্রতিমা তুলে বিসর্জনের প্রক্রিয়া চলাকালীন কোনওভাবে নদীতে পড়ে যায় ওই কিশোর।

ঘটনার পর থেকেই কিশোরের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা নদীতে নেমে তল্লাশি চালাচ্ছেন। তবে এখনও পর্যন্ত কিশোরের সন্ধান পাওয়া গিয়েছে কি না, তা স্পষ্ট নয়। এই ঘটনার জেরে শুক্রবার সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে কালনা-শান্তিপুর ফেরিঘাটের পরিষেবা। ফলে নদীপথে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু মানুষ। ফেরি পরিষেবা কবে স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে।