নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তির উপর আগামী ৩১ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার পরের দিনই এই ইস্যুতে সরাসারি বিজেপিএবং সিপিএম’র বিরুদ্ধে আক্রমন শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। তিনি বলেন, ‘এটা ফাইনাল অর্ডার নয়। আমরা আদালতের নির্দেশের খতিয়ে দেখছি। তবে রাজ্য সুপ্রিম কোর্টের দেওয়া সময়মীমা মোতাবেকই এই কাজটা করেছে অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশন। আর মনে রাখতে হবে এই সংরক্ষনের ফলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্যই করা। কিন্তু, সিপিএম-বিজেপি কোনও মতেই চায় না, যে গরিব মানুষের সুবিধা হোক।’
এই দুই রাজনৈতিক দলের বিরুদ্ধে ‘টাকরি খেয়ে নেওয়ার’ অভিযোগ তুলে বুধবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে আরও বলেন, ‘মুসলিম দেখলে আপনাদের গায়ে জ্বালা করে আমি জানি। কিন্তু এই যে ওবিসি তালিকা তৈরি হয়েছে, তাতে ষাটটি জনজাতি মুসলিম নয়। একে তো মানুষ চাকরি পায় না। আর যে চাকরি সৃষ্টি হচ্ছে, তাও আপনারা খেয়ে নিচ্ছেন। আপনাদের জন্য অনেকে চাকরিহীন হয়ে গিয়েছে। আপনারা এটা আটকে রেখেছেন বলে আমরা পুলিস বা টিচারের শূন্যস্থান পূরণ করতে পারছি না।’
বিজ্ঞপ্তির উপর হাইকোর্টের স্থগিতাদেশ হওয়ায় এদিন বিধানসভার বাইরে বিজয় উল্লাসে মেতে ওঠে বিজেপি বিধায়করা। তাঁদের লাড্ডু বিলি করতেও দেখা যায়। বিজেপির এই কর্মসুচির তীব্র নিন্দা করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এতে সমাজের পিছিয়ে পড়া মানুষকে সমস্যা এবং ক্ষতির মুখে পড়তে হবে। আর এই নিয়ে বিজেপির উল্লাস চুড়ান্ত নিন্দনীয়।
অন্যদিকে, কলকাতা পুরসভায় ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য সেই বিতর্কিত ওবিসি–র নতুন তালিকা ধরে কী করে বিজ্ঞপ্তি জারি হল, তা নিয়ে বুধবার প্রশ্ন তুলল হাইকোর্ট। এই প্রশ্নের জবাব চেয়ে আজ, বৃহস্পতিবার কলকাতা পুরসভার কমিশনার ও মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট বোডের্র চেয়্যারম্যানকে ভার্চুয়াল শুনানিতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। কলকাতা পুরসভায় সাব অ্যাসিস্টেন্ট ইজ্ঞিনিয়ার পদে নিয়োগের বিধি চ্যালেঞ্জ করে এই মামলা হয়েছিল।