পুরভরা উচ্ছে:
পুরভরা উচ্ছে:
উপকরণ: উচ্ছে ৪টি, নুন, হলুদ প্রয়োজন মতো, জিরে গুঁড়ো ১ চামচ, ধনে গুঁড়ো ১ চামচ, কাশ্মীরি লংকার গুঁড়ো ১ চামচ, চাটমশলা প্রয়োজন মতো, সরষের তেল পরিমাণ মতো, গোটা জিরে ১ চামচ।
প্রণালী: প্রথমে উচ্ছের গা থেকে খোসা চেঁছে নিন। তারপর তা অল্প ভাপিয়ে নিন। এবার মাঝখান থেকে লম্বালম্বি চিরে দু’ভাগ করে নিন। চামচ দিয়ে ভেতরের শাঁস বার করে নিন। এবার কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিন। উচ্ছের কোরানো অংশ দিয়ে নাড়াচাড়া করুন। তাতে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লংকার গুঁড়ো, চাটমশলা দিয়ে নাড়াচাড়া করে পুর বানিয়ে ফেলুন। ঠান্ডা হলে উচ্ছের ভেতরে পুর ভরে তেলে হালকা করে ভাজুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পুরভরা উচ্ছে।
নিম ডাল:
উপকরণ: নিমপাতা প্রয়োজন মতো, আগের রাতে ভেজানো মটর ডাল ১০০ গ্রাম, নুন, হলুদ প্রয়োজন মতো, পাঁচফোড়ন ১ চা চামচ, সরষের তেল প্রয়োজন মতো, শুকনো লংকা ৩টি।
প্রণালী: প্রথমে কড়ায় তেল গরম করে নিমপাতা ভেজে তুলে নিন। এবার মটর ডাল থেকে জল ঝরিয়ে নিন। তা প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল সহ সেদ্ধ করে নিন। এবার কড়াইতে তেল গরম করে পাঁচফোড়ন শুকনো লংকা ফোড়ন দিন। তারপর সেদ্ধ ডাল দিন। এতে একে একে নুন, হলুদ দিন। ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দিন। নামিয়ে ভাজা নিমপাতাগুলো দিন। তৈরি হয়ে যাবে নিম ডাল।
উচ্ছে চচ্চড়ি:
উপকরণ: উচ্ছে ৪-৫টি, আলু ২টি, কালো জিরে ১ চামচ, গোটা ধনে ১ চামচ, গোটা জিরে ১ চামচ, শুকনো লংকা ২টি, তেজপাতা ১টি, নুন হলুদ প্রয়োজন মতো, সরষের তেল প্রয়োজন মতো।
প্রণালী: প্রথমে উচ্ছে ঝিরিঝিরি করে কেটে নিন। আলুর খোসা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নিন। এবার ভালো করে দুটোই ধুয়ে নিন। এবার কড়াতে তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিন। এবার ঝিরিঝিরি করে কাটা উচ্ছে-আলু দিন। নাড়তে থাকুন, নুন, হলুদ দিন। অন্যদিকে শুকনো কড়ায় গোটা জিরে, গোটা ধনে, শুকনো লংকা, তেজপাতা নেড়ে নিন। এবার তা গুঁড়ো করে ভাজা মশলা তৈরি করে নিন। ঢিমে আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিন উচ্ছে, আলু। তা সেদ্ধ হলে উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিন উচ্ছে আলুর চচ্চড়ি।
সুমিতা শূর