Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভিম: গ্রাহকের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারবে পরিচিতরা

যে ব্যক্তি ভিম অ্যাপের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে অভ্যস্ত, তিনি এখন থেকে তাঁর পরিচিত ব্যক্তিদেরও তাঁরই অ্যাকাউন্ট থেকে ইউপিআই পেমেন্টের সুযোগ করে দিতে পারেন।

ভিম: গ্রাহকের অ্যাকাউন্ট থেকে  পেমেন্ট করতে পারবে পরিচিতরা
  • ২৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যে ব্যক্তি ভিম অ্যাপের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে অভ্যস্ত, তিনি এখন থেকে তাঁর পরিচিত ব্যক্তিদেরও তাঁরই অ্যাকাউন্ট থেকে ইউপিআই পেমেন্টের সুযোগ করে দিতে পারেন। গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই)। অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্কের আওতাভুক্ত এই সংস্থার দাবি, একই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে একাধিক ব্যক্তির অনলাইন পেমেন্টের সুযোগ করে দেওয়া অত্যন্ত কার্যকরী পদক্ষেপ। তার কারণ, পারিবারিক বা অন্যকোনও ক্ষেত্রে ছোটোখাটো পেমেন্ট এখন অনেক সহজ হবে। 

Advertisement

সংস্থাটি জানিয়েছে, কোনও ব্যক্তি যদি ভিম অ্যাপ ব্যবহার করেন, তাহলে তিনি তাঁর পরিচিত কোনও ব্যক্তির মোবাইল নম্বরের সঙ্গে তাকে যুক্ত করতে পারেন। এর ফলে ওই দ্বিতীয় ব্যক্তি ভিম অ্যাপ গ্রাহকের অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন ইউপিআই পেমেন্টের জন্য। যে পেমেন্টই হোক না কেন, তা স্বচ্ছভাবে দেখতে পারবেন ভিন অ্যাপ ব্যবহারকারী মূল ব্যক্তি। 
এর ফলে কী কী সুবিধা হতে পারে? এনপিসিআই জানাচ্ছে, অনেক ক্ষেত্রেই বাড়ির বয়স্ক সদস্যরা অনলাইন ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে দ্বিধায় থাকেন বা প্রযুক্তিগত বিষয়ে ভয় পান। তাঁরা অনায়াসে পরিবারের কোনও ব্যক্তির অ্যাকাউন্ট থেকে নিজের মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। ছাত্রছাত্রীরা টিউশন ফি বা যেকোনও প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন বাবা-মা বা অন্যকোনও পরিচিত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে। পেমেন্টের ঊর্ধ্বসীমা কত হবে, তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ভিম অ্যাপ ব্যবহারকারী মূল ব্যক্তির হাতে। 
কোনও ছোটো ব্যবসায়ীও তাঁর কর্মীদের স্বাধীনতা দিতে পারেন কোনও আপাৎকালীন বা জরুরি পেমেন্টের ব্যপারে তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য। এনপিসিআই জানিয়েছে, অন্যকোনও ব্যক্তিকে নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার টাকার সীমা বেঁধে দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপদ, দাবি করেছে কেন্দ্রীয় পেমেন্ট সংস্থাটি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ