নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফির গ্রুপ পর্বে টানা দু’টি ম্যাচ ড্র করেছে বাংলা। নক-আউটে পৌঁছালেও বেশ অস্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। এমন পরিস্থিতিতে মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালে নামছে সঞ্জয় সেনের দল। ঢাকুয়াখানা স্টেডিয়ামে রবি-সায়নদের প্রতিপক্ষ সার্ভিসেস। সেনাবাহিনীর এই দলটির মূল অস্ত্র ফিটনেস। দূরপাল্লার শট নিতে দক্ষ ফুটবলাররা। পাশাপাশি দীর্ঘদিন একইসঙ্গে খেলার ফলে কম্বিনেশন বেশ ভালো। তাই বেশ সতর্ক বাংলার কোচ। ম্যাচের আগে সঞ্জয় সেনের মন্তব্য, ‘ট্রফি জিততে গেলে বাছবিচার করলে চলবে না। তবে সার্ভিসেস বেশ কঠিন গাঁট।’ এদিন স্থানীয় ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের মাঠ কোয়ার্টার-ফাইনালের চূড়ান্ত প্রস্তুতি সারল বাংলা।



