নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: বেঙ্গল সুপার লিগের গ্রুপ পর্বের প্রথম লেগে বর্ধমান ব্লাস্টার্সের কাছে ১-৪ গোলে বশ মেনেছিল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। মঙ্গলবার তার মধুর প্রতিশোধ নিল হোসে ব্যারেটো-ব্রিগেড। ফিরতি লেগে নৈহাটি স্টেডিয়ামে সন্দীপ নন্দীর দলকে ২-১ ব্যবধানে বশ মানাল ওয়ারিয়র্স। ব্যারেটো-ব্রিগেডের হয়ে লক্ষ্যভেদে সফল সুমন ও পাউলো। বিরতির পর পেনাল্টি থেকে ব্যবধান কমান বর্ধমানের চিজোবা। তবে শেষরক্ষা হয়নি। এদিন মনোতোষ চাকলাদার লাল কার্ড দেখায় দীর্ঘক্ষণ ১০ জয়ে খেলতে হয় ব্যারেটো ব্রিগেডকে। এই জয়ের সুবাদে ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখার পাশাপাশি শেষ চারের টিকিট নিশ্চিত করল ওয়ারিয়র্স। শীর্ষে থাকা রয়্যাল সিটির সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে পিছিয়ে ব্যারেটো ব্রিগেড। পক্ষান্তরে সমসংখ্যক ম্যাচে বর্ধমানের সংগ্রহ ১৮ পয়েন্ট। তারা রয়েছে পঞ্চম স্থানে।



