Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ব্যাংকের গাফিলতি? ৩০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ গ্রাহককে, কার্যকর ১ জুলাই

ব্যাংকের গাফিলতিতে আর্থিক ক্ষতি? আর কোনো কনজিউমার কোর্ট বা উচ্চ আদালতের দরজায় দরজায় ঘুরতে হবে না গ্রাহককে।

ব্যাংকের গাফিলতি? ৩০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ গ্রাহককে, কার্যকর ১ জুলাই
  • ২১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: ব্যাংকের গাফিলতিতে আর্থিক ক্ষতি? আর কোনো কনজিউমার কোর্ট বা উচ্চ আদালতের দরজায় দরজায় ঘুরতে হবে না গ্রাহককে। শুধুমাত্র রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ওম্বুডসম্যান বা লোকপালে অভিযোগ জানালেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি পাবেন ৩০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ। আর যদি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের কারণে গ্রাহকের সময় নষ্ট বা হয়রানি হয়? তাহলেও মিলবে তিন লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ। আগামী ১ জুলাই দেশজুড়ে এই নিয়ম চালু হতে চলেছে। সরকারি, বেসরকারি ব্যাংকের পাশাপাশি এই সুযোগ মিলবে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) ও ঋণ পরিশোধের ক্ষমতা যাচাইকারী সংস্থাগুলির (ক্রেডিট ইনফরমেশন কোম্পানি) ক্ষেত্রেও। তালিকায় অন্তর্ভুক্ত হবে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, কো-অপারেটিভ ব্যাংক, মর্টগেজ গ্যারান্টি কোম্পানি সহ আরও বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান।

Advertisement

ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি কোনও গ্রাহক হয়রানির শিকার হন অথবা আর্থিক সমস্যায় পড়েন, সুরাহা পাওয়াটাও তাঁর অধিকার। এক্ষেত্রে প্রথমে তাঁকে সংশ্লিষ্ট সংস্থায় অভিযোগ জানাতে হয়। সেখানে ৩০ দিনের মধ্যে সুরাহা না মিললে অভিযোগ জানানো যায় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার আওতায় থাকা ওম্বুডসম্যান বা লোকপালে। এবার ওম্বুডসম্যানে অভিযোগ জানানোর জন্য ৯০ দিন পর্যন্ত সময় পাবেন গ্রাহক। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অভিযোগ জানানোর ৩০ দিন পর, বা তাদের তরফে যদি কোনও পদক্ষেপ করা হয়, তারপর থেকে ওই ৯০ দিনের সময়সীমা শুরু হবে।

যে ব্যাংকিং লোকপাল ব্যবস্থা বর্তমানে চালু রয়েছে, আগামী জুলাই থেকে তারই পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাংক। যে যে ক্ষেত্রে ব্যাংকিং পরিষেবায় গাফিলতির জন্য অভিযোগ জানানো যাবে সেগুলি হল, এটিএম বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংক গ্যারান্টি, লেটার অব ক্রেডিট, সেভিংস অ্যাকাউন্ট ও কারেন্ট অ্যাকাউন্ট খোলা এবং তার ব্যবহার, যে কোনো রকমের ঋণ, রিকভারি এজেন্ট এবং ডিরেক্ট সেলস এজেন্টদের দুর্ব্যবহার, টাকা ও কয়েন, ভুল বুঝিয়ে কোন আর্থিক পণ্য বিক্রি, বয়স্ক নাগরিকদের সুবিধা পেতে হয়রানি, পেনশন, কেওয়াইসি আপডেট, অ্যাকাউন্ট ফ্রিজ, যে বাড়িটিতে ব্যাংকিং পরিষেবা দেওয়া হচ্ছে, সেই সংক্রান্ত পরিকাঠামোগত অভিযোগ, কর্মীদের ব্যবহার, রেমিটেন্স, চেক, ড্রাফট, কর সংক্রান্ত বা সরকারি আর্থিক উদ্যোগ সংক্রান্ত বিষয়,  শারীরিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের সুবিধা সংক্রান্ত বিষয়। এই পুরো তালিকাই প্রকাশ করেছে আরবিআই। তারা জানাচ্ছে, যে কোনও অঙ্কের আর্থিক ক্ষতি সংক্রান্ত সমস্যা নিয়ে লোকপালে অভিযোগ জানাতে পারবেন গ্রাহক। যদি তাঁর অভিযোগের সারবত্তা থাকে, পুরো টাকা তিনি ফেরত পাবেন। তেমনই নির্দেশ দেওয়া হবে ব্যাংকিং লোকপালের তরফে। এর বাইরেও যদি গ্রাহক ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হন, মিলতে পারে ৩০ লক্ষ টাকা পর্যন্ত।

এখানেই শেষ নয়, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক যদি গ্রাহকের অহেতুক সময় নষ্ট করে, মানসিক যন্ত্রণা দেয়, বা হয়রান করে, তাহলে ৩ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে। ওম্বুডসম্যান সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে গ্রাহককে। কেন এবং কত টাকা ক্ষতিপূরণ চান, তার হিসাব দিতে হবে। দাখিল করতে হবে নথিও।

Advertisement
সম্পর্কিত সংবাদ