Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সশরীরে হাজিরা দিতে ব্যর্থ, এবার ভোটার তালিকা থেকে বাংলাদেশি যুবক নিউটনের নাম বাদ যাচ্ছে

বাংলাদেশি যুবক নিউটন দাসের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। কারণ তাঁকে সশরীরে কাকদ্বীপ বিধানসভার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসে (ইআরও) হাজির হওয়ার নোটিস দেওয়া হয়েছিল।

সশরীরে হাজিরা দিতে ব্যর্থ, এবার ভোটার তালিকা  থেকে বাংলাদেশি যুবক নিউটনের নাম বাদ যাচ্ছে
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাংলাদেশি যুবক নিউটন দাসের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। কারণ তাঁকে সশরীরে কাকদ্বীপ বিধানসভার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসে (ইআরও) হাজির হওয়ার নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি আসেননি। তাই নিয়ম অনুযায়ী, ওই ভোটারের নাম তালিকা থেকে কাটা যাবে বলে জানিয়েছে প্রশাসন। জানা গিয়েছে, সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার নিউটনের কাকদ্বীপের বাড়ির ঠিকানায় প্রথমে খোঁজ করতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে সেখানে পাওয়া যায়নি। পরবর্তীকালে নোটিস দেওয়া হয় ওই ঠিকানায়। প্রশাসন থেকে জানানো হয়েছিল, নিউটন দাসকে সশরীরে দু’সপ্তাহের মধ্যে হাজিরা দিতে হবে। কিন্তু সেই সময় প্রায় শেষ। কোনও ভোটার যদি ঠিকানা বদল করেন, তাহলে আগের ভোটার তালিকার সেই পার্ট থেকে তাঁর নাম বাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে নিউটনের ভোটার কার্ডে যে ঠিকানা দেওয়া রয়েছে, সেখানে তাঁকে যেহেতু পাওয়া যায়নি, তাই প্রশাসন ধরেই নিয়েছে, তিনি ঠিকানা বদল করেছেন। তাই কমিশনের নিয়ম মেনে তাঁকে হিয়ারিংয়ে আসার জন্য চিঠি দেওয়া হয়েছিল। সূত্রের খবর, কাকদ্বীপে নিউটনের দাদার পরিবার সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই যুবক এখন বাংলাদেশে আছেন। তাই হয়তো আসতে পারেননি বলেই মনে করা হচ্ছে। বর্তমানে নিউটনের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ বলেই জানা গিয়েছে। ২৮-২৯ তারিখের মধ্যে তালিকা থেকে তাঁর নাম বাদ দেবে কাকদ্বীপ মহকুমা প্রশাসকের অফিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ