ঢাকা: পোশাক শ্রমিকদের আন্দোলনের সূত্র ধরে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে। সারা বাংলাদেশে ২৪ ঘণ্টায় ২২টি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ঢাকা সহ ৬ জেলার অন্তত ২৮টি জায়গা থেকে বোমা বিস্ফোরণের খবর মিলেছে। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ১৯টি জায়গায় বিস্ফোরণ হয়। ফরিদপুরে একটি বাসের ভিতরে চালক ঘুমোচ্ছিলেন। সেই বাসটিতে আগুন লাগিয়ে দেওয়ায় ভিতরে পুড়ে মারা যান ওই চালক। সোমবার গভীর রাতে নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশনে হাওর এক্সপ্রেসের একটি কামরাতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। মঙ্গলবারও গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও দোকানও ভাঙচুর হয়। আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন দুই পোশাক শ্রমিক। এদিন সকালে বাইপাইল-আবদুল্লাপুর সড়ক অবরোধ করা হয়। পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথরও ছোড়ে শ্রমিকরা। পালটা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পুলিশের দাবি, পোশাক শ্রমিকদের সামনে রেখে নিষিদ্ধ আওয়ামি লিগের নেতা-কর্মীরাই এমন নাশকতামূলক কাজকর্ম করছে।
অন্যদিকে সোমবারই নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আরজি জানিয়ে নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে চিঠি দিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবীরা। সেই প্রসঙ্গে এদিন ঢাকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনালের চিফ প্রসিকিউটার মহম্মদ আমিনুল ইসলামের মন্তব্য, ফাঁসির সাজা ভোগ করা ছাড়া হাসিনার কাছে কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘উনি যদি সত্যিই বাংলাদেশে ফিরতে চাইতেন তবে বিচার চলাকালীন বা আপিলের জন্য যে ৩০ দিন সময় ছিল, তখনই দেশে ফিরতে পারতেন।’



