তেহরানে আবার হামলা চান নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্পকে বারবার ফোন: রিপোর্ট, যুদ্ধ থামানোর ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের অন্যতম কারণ ইরান যুদ্ধ। ইতিমধ্যে একথা স্বীকার করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ থামাতে আলোচনায় বসতে রাজি মার্কিন প্রেসিডেন্ট। সোমবার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইরানে সামরিক অভিযান বন্ধের ইঙ্গিত দিয়েছেন রিপাবলিকান নেতা। তাতেই সিঁদুরে মেঘ দেখছেন ইজরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে বারবার ট্রাম্পকে ফোন করে ফের ইরান আক্রমণ করার আরজি জানাচ্ছেন তিনি। ‘দ্য ফিনান্সিয়াল টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। হোয়াইট হাউসের এক আধিকারিককে উদ্ধৃত করে  প্রতিবেদনে বলা হয়েছে, ‘রোজ ট্রাম্পকে ফোন করেন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু করতে উসকানি দেন। তবে হোয়াইট হাউসের ভিতরে ও বাইরের অনেকেই এই সংঘর্ষ চাইছেন না। তাঁরা বিষয়টি আটকানোর চেষ্টা চালাচ্ছেন।’ 

Advertisement

ইরান যুদ্ধের জেরে মুদ্রাস্ফীতির ফলে মার্কিনদের ক্ষোভের খেসারত দিতে হয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে। মার্কিন কংগ্রেসের দু’কক্ষেই জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিকই যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন। তাদের বক্তব্য, অবিলম্বে যুদ্ধ থামাতে আইনি পদক্ষেপ করুক মার্কিন কংগ্রেস। ইরানের সঙ্গে মধ্যস্থতার দায়িত্বে থাকা পশ্চিম এশিয়ার মিত্র দেশগুলিও যুদ্ধ বন্ধের পক্ষেই সওয়াল করছে। এই পরিস্থিতিতে সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্প। এরপরেই সাংবাদিকদের তিনি বলেন, ‘ইরানে সামরিক অভিযানের সম্ভাবনা আর নেই বললেই চলে। আমরা স্থিতাবস্থা বজায় রাখছি। পশ্চিম এশিয়ার বন্ধু দেশগুলি সেটাই পছন্দ করবে। যুদ্ধ থামানোর খুব ভালো সুযোগ রয়েছে। এই মুহূর্তে সামরিক পদক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছি না।’ ট্রাম্পের পাশাপাশি কূটনৈতিক আলোচনায় বসার ইচ্ছাপ্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। 
সম্প্রতি ইজরায়েলের ভোটে সরকার গঠনে ব্যর্থ হয়েছে নেতানিয়াহুর দলের নেতৃত্বাধীন জোট। ইরান যুদ্ধকে হাতিয়ার করেই ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন নেতানিয়াহু। তাই ট্রাম্পকে মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের পরেই হামলা চালাতে বলেছিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট অবশ্য এখন তা চাইছেন না বলে খবর। এবার কি তাহলে বন্ধ হবে ইরান যুদ্ধ? উত্তরের অপেক্ষায় আন্তর্জাতিক মহল।