নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্ধন ব্যাংক অর্থবর্ষ ২০২৫‑২৬‑এর তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। এইসময়ে ব্যাংকের মোট ব্যবসা ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩.০২ লক্ষ কোটি টাকা। বর্তমানে মোট আমানতের মধ্যে খুচরো আমানতের অংশ ৭২ শতাংশ। তৃতীয় ত্রৈমাসিকে ব্যবসায়িক বৃদ্ধি ব্যাংকের বিস্তৃত বিতরণ নেটওয়ার্ক, উন্নত পরিচালন দক্ষতা এবং অনুকূল ব্যবসায়িক পরিবেশের ফলে সম্ভব হয়েছে। বর্তমানে বন্ধন ব্যাংক ভারতের ৩৬টির মধ্যে ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে থাকা ৬,৩৫০‑এরও বেশি ব্যাংকিং আউটলেটের মাধ্যমে প্রায় ৩.২৫ কোটি গ্রাহককে পরিষেবা প্রদান করছে। বন্ধন ব্যাংকে কর্মরত মোট কর্মীর সংখ্যা ৭৪,৫০০‑এরও বেশি। অর্থবর্ষ ২০২৫‑২৬‑এর তৃতীয় ত্রৈমাসিকে ব্যাংক তার আমানতের ভিত্তিতে বছরে বছরে ১১ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত করেছে এবং আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১.৫৭ লক্ষ কোটি। ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পার্থপ্রতিম সেনগুপ্ত বলেন, ‘বন্ধন ব্যাংকের গত কয়েকটি ত্রৈমাসিকের তুলনায় তৃতীয় ত্রৈমাসিকের পারফরম্যান্স একটি ধারাবাহিক ও শক্তিশালী ভিত্তির প্রতিফলন। এই প্রচেষ্টা ভবিষ্যতে টেকসই ও লাভজনক বৃদ্ধির দিকে এগোতে সুদৃঢ় অবস্থানে রাখবে।’



