Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভিনরাজ্যের অটোচালককে মার উদ্ধব-রাজ সমর্থকদের, মারাঠি না বলায় বাধ্য করা হল ক্ষমা চাইতে

ভাষা বিতর্কে উত্তপ্ত মারাঠা রাজনীতি। এই বিতর্কই বহু বছর পর কাছে এনেছে রাজ ও উদ্ধব থ্যাকারেকে। মারাঠি বলতে না পারায় ইতিমধ্যে মহারাষ্ট্রে একের পর এক হিংসার ঘটনা সামনে এসেছে।

ভিনরাজ্যের অটোচালককে মার উদ্ধব-রাজ সমর্থকদের, মারাঠি না বলায় বাধ্য করা হল ক্ষমা চাইতে
  • ১৪ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

মুম্বই: ভাষা বিতর্কে উত্তপ্ত মারাঠা রাজনীতি। এই বিতর্কই বহু বছর পর কাছে এনেছে রাজ ও উদ্ধব থ্যাকারেকে। মারাঠি বলতে না পারায় ইতিমধ্যে মহারাষ্ট্রে একের পর এক হিংসার ঘটনা সামনে এসেছে। শনিবার ফের এক নিগ্রহের ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের পালঘর। মারাঠিতে কথা বলতে অস্বীকার করায় এক অটোচালককে মারধরের অভিযোগ উঠল উদ্ধব পন্থী শিবসেনা ও রাজ থ্যাকারের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ভিরার রেলস্টেশনের কাছে ভরা বাজারে তাঁকে কান ধরে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়।

Advertisement

দিন কয়েক আগে ভবেশ পাডোলিয়া নামে এক ব্যক্তির সঙ্গে ওই অটোচালকের ঝামেলা হয়। সেইসময় ভবেশ বারবার জিজ্ঞাসা করছিলেন, মারাঠি ভাষায় কথা বলছেন না কেন? জবাবে ওই অটোচালক বারবার বলতে থাকেন, ‘আমি হিন্দিতেই কথা বলব। হিন্দি ও ভোজপুরিতেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি।’ মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। এরপর শনিবার ভিরার রেলস্টেশনের কাছে তাঁর উপর চড়াও হয় উদ্ধব ও রাজ থ্যাকারের সমর্থকরা। সমানে চলতে থাকে চড়, ঘুষি। ঘটনাস্থলে উপস্থিত উদ্ধব পন্থী শিবসেনার নেতা উদয় যাদব বলেন, ‘যদি কেউ মারাঠি ভাষা, মহারাষ্ট্র বা মহারাষ্ট্রের মানুষকে অপমান করার সাহস দেখান, তাহলে তাঁদের শিবসেনা স্টাইলেই জবাব দেওয়া হবে। এই অটোচালককেও উচিত শিক্ষা দেওয়া হয়েছে।’ ঘটনায় এখনও পর্যন্ত পুলিসের কাছে অভিযোগ দায়ের হয়নি। এর আগে গত ১ জুলাই মারাঠি ভাষায় কথা বলতে অস্বীকার করায় এক খাবার বিক্রেতাকে মারধর করেছিল নবনির্মাণ সেনার সমর্থকরা।

সম্পর্কিত সংবাদ