নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পৃথিবীর উষ্ণতার নিরিখে রেকর্ড গড়ল আগস্ট মাস। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লুএমও) রিপোর্ট অনুযায়ী, আগস্টে বাতাসে গড় তাপমাত্রা ছিল ১৬.৯৬ ডিগ্রি সেলসিয়াস। এটি সামান্য হলেও ২০২৩ সালের জুলাই মাসের তুলনায় বেশি। ওই মাসে গড় তাপমাত্রা হয়েছিল ১৬.৯৫ ডিগ্রি। এবারের আগস্টের আগে পর্যন্ত সর্বোচ্চ উষ্ণতার রেকর্ড ওটাই ছিল। ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের পরিসংখ্যান উদ্ধৃত করে ডব্লুএমও য়ক প্রেস বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
১৮৫০-১৯০০ সালের মধ্যে প্রাকশিল্পায়ন পর্বে বিশ্বের তাপমাত্রার মাপকাঠির ভিত্তিতে আগস্টে বিশ্বের গড় তাপমাত্রা ১.৬৫ ডিগ্রি বেশি ছিল। ২০২৫ সালের নভেম্বর মাসের পর আগস্ট প্রথম মাস যেখানে এটা ১.৫ ডিগ্রির সীমারেখা পার করল।
১৯৯১-২০০০ সালে বিশ্বের গড় তাপমাত্রার নিরিখে আগস্টের তাপমাত্রা ০.৮৫ ডিগ্রি বেশি ছিল বলে রিপোর্টে জানানো হয়েছে। স্বাভাবিকভাবে আগস্ট মাসের উষ্ণতার মাপকাঠিতে এটা রেকর্ড। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সময়ে উষ্ণতা যৌথভাবে সর্বোচ্চ রেকর্ড করেছে ২০২৪ সালের সঙ্গে। সমুদ্র জলের তাপমাত্রা (এসএসটি) আগস্টে যুগ্মভাবে রেকর্ড করেছে ২০২৪ সালের মার্চ মাসের সঙ্গে। সমুদ্র জলের তাপমাত্রার দৈনিক হিসেবে সর্বকালীন রেকর্ড করছে (২১.১১ ডিগ্রি)। প্রশান্ত মহাসাগরের জলের উষ্ণতা রেকর্ড করেছে আগস্টে।
আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলি ইতিমধ্যে এল নিনো পরিস্থিতি শক্তিশালী হতে হতে এবার সর্বকালীন রেকর্ড করতে চলেছে। প্রশান্ত মহাসাগরে জলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হলে এল নিনো পরিস্থিতি তৈরি হয়েছে বলা হয়। এল নিনো পরিস্থিতি বিশ্বের একটা বড়ো অংশজুড়ে তাপমাত্রা বৃদ্ধি হয়। আবহাওয়াবিদ ও পরিবেশ বিজ্ঞানীরা অবশ্য অনেকদিন ধরে বলছেন, কার্বন নির্গমন বৃদ্ধির ফলে বায়ুদূষণ বৃদ্ধির কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। পৃথিবীর তাপমাত্রা এই কারণে বাড়ছে। মেরু এলাকা এবং হিমালয়সহ বিভিন্ন পর্বতে হিমবাহ গলে যাওয়ার প্রবণতা বাড়ছে। এবার মে মাস থেকে জুলাই-আগস্ট পর্যন্ত ইউরোপ জুড়ে অস্বাভাবিক গরম পড়েছিল। বেশ কয়েকবছর ধরে ইউরোপে এই প্রবণতা দেখা যাচ্ছে। ডব্লুএমও-র রিপোর্ট বলা হয়েছে, ২০০৩ সালের ইউরোপে উষ্ণতার রেকর্ড এবার ভেঙে গিয়েছে।