বারাকপুর: আচমকাই বন্ধ হয়ে গেল জগদ্দলের অকল্যান্ড জুটমিল। সম্প্রতি দুষ্কৃতীতে হাতে আক্রান্ত হন মিলের আধিকারিক শঙ্কর দেবনাথ। তাঁকে বেধড়ক মারধর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরে নোটিস ঝুলিয়ে মিলটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে কাজ হারালেন চার হাজার শ্রমিক।
বিজেপি নেতা অর্জুন সিংয়ের অভিযোগ, ভাটপাড়ার এক তৃণমূল কাউন্সিলরের ছেলে তোলা হিসেবে মিল কর্তৃপক্ষের কাছে চার লক্ষ টাকা দাবি করেছিল। কিন্তু তা দিতে অস্বীকার করে কারখানা কর্তৃপক্ষ। এর পরেই মিলের আধিকারিককে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, বহিরাগত দুষ্কৃতীরা মিলের ওই আধিকারিককে মারধর করেছে। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।