বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: আধারের সঙ্গে প্যান লিঙ্ক না থাকলে, সেই প্যান ‘ইনঅপারেটিভ’ বা নিষ্ক্রিয়। আর তার রেশই এবার আছড়ে পড়ছে যাবতীয় সঞ্চয় প্রকল্পে। ডাকঘর সাফ জানিয়ে দিয়েছে, আধার-প্যান যদি গ্রাহকের লিঙ্কড না হয়ে থাকে, তাহলে এখন থেকে সুদের উপর ২০ শতাংশ টিডিএস কেটে নেওয়া হবে।
গত ১২ নভেম্বর এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে সব সার্কলের প্রধানদের। ডাক বিভাগের সিবিএস সিস্টেমে নতুন এই ব্যবস্থা ইতিমধ্যে চালুও হয়ে গিয়েছে। হিসাব মতো, এতদিন ডাকঘরে প্যান নম্বর দিলেই চলত। এবার সিস্টেম সরাসরি প্রোটিয়ানের (পূর্বতন এনএসডিএল, যারা গোটা দেশে প্যান চালু ও নিয়ন্ত্রণ করে) সঙ্গে মিলিয়ে দেখবে চারটি বিষয়—গ্রাহকের প্যান বৈধ কি না, প্যানে দেওয়া নাম গ্রাহকের অ্যাকাউন্টের সঙ্গে মিলছে কি না, জন্ম তারিখ এবং আধারের সঙ্গে প্যান লিঙ্ক আছে কি না। এই চারটির মধ্যে প্রথম তিনটি না মিললে নতুন সিআইএফ, অর্থাৎ কাস্টমার ইনফরমেশন ফাইল খোলা যাবে না। চালু করা যাবে না কোনো সঞ্চয় প্রকল্প। পুরানো অ্যাকাউন্টে বদলও হবে না। নতুন অ্যাকাউন্ট খোলা বা পুরানো অ্যাকাউন্টের কোনো তথ্য বদলাতে গেলেই ডাকঘরের কম্পিউটার স্ক্রিনে লেখা উঠবে—নাম বা জন্ম তারিখ না মেলায় সিআইএফ তৈরি বা বদল করা যাবে না। চার নম্বর শর্ত, অর্থাৎ আধার-প্যান লিঙ্ক না থাকলে অবশ্য অ্যাকাউন্ট খোলা যাবে। কিন্তু বাড়তি হারে টিডিএস কাটা হবে। এর জন্য দু’টি নতুন ট্যাক্স কোড আনা হয়েছে। ৬০ বছরের নীচে হলে ‘টিডিএসআইও’। বয়স ৬০ থেকে ৮০ বছরের মধ্যে হলে ‘টিডিএসআইএস’। দু’টি ক্ষেত্রেই কাটা হবে সুদের উপর ২০ শতাংশ। সাধারণ ক্ষেত্রে যে টিডিএসএনআর এবং সিনিয়র সিটিজেনদের জন্য যে টিডিএসএনএস কোড ছিল, তা থাকছে। এবং যাঁদের প্যান-আধার লিঙ্ক রয়েছে, তাঁদের ক্ষেত্রে আগের মতো সাধারণ হারেই টিডিএস কাটা হবে। তবে ৮০ বছরের বেশি বয়সিদের আধার-প্যান লিঙ্ক না থাকলেও বাড়তি হারে টিডিএস কাটা হবে না।
ডাক বিভাগ জানিয়েছে, যাঁদের প্যান ‘ইনঅপারেটিভ’, তাঁদের মোবাইলে পর্যায়ক্রমে এসএমএস পাঠানো হবে। বলা হবে, আধারের সঙ্গে প্যান লিঙ্ক করুন। তারপর সংশ্লিষ্ট ডাকঘরে গিয়ে প্যান ফের যাচাই করান এবং প্রয়োজনে ফর্ম-১২১ জমা দিন। এই কাজের জন্য চেন্নাইয়ের কেন্দ্রীয় প্রসেসিং সেন্টার ১৬ নভেম্বরের মধ্যে সার্কল-ভিত্তিক ইন-অপারেটিভ প্যানের তালিকা পাঠাবে। সার্কলগুলিকে বলা হয়েছে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের গ্রাহক আর এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে ১৫ ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করতে হবে। কারণ ৩১ ডিসেম্বরের পর সুদ দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলি খতিয়ে দেখা হবে। তার আগেই ফর্ম-১২১ আপডেট না হলে বেশি হারে টিডিএস কেটে যাবে। পরে আধার-প্যান লিঙ্ক করালেও ওই টাকা আর ফেরত পাওয়া যাবে না, আয়কর রিটার্নে দাবি করতে হবে।
এই নির্দেশনামায় বদল এসেছে এজেন্টদের জন্যও। তাঁদের কমিশনের উপর টিডিএস নিয়েও নতুন ব্যবস্থা চালু হয়েছে। আয়কর আইন ২০২৫-এর ৩৯৩(১) ধারা অনুযায়ী, বছরে কমিশন ২০ হাজার টাকার বেশি হলে টিডিএস কাটা হবে। এতদিন সিস্টেমে এই ব্যবস্থা না থাকায় এজেন্টদের অসুবিধা হচ্ছিল। এবার থেকে বছরে কমিশন ২০ হাজার টাকা বা তার কম হলে কোনও টিডিএস কাটা হবে না।
ডাকঘরের একাংশের বক্তব্য, প্যানে নামের বানান ভুল, জন্ম তারিখের গরমিলের মতো সমস্যা অনেক পুরানো অ্যাকাউন্টেই আছে। এবার অনলাইন যাচাই চালু হওয়ায় সেই ভুল ধরা পড়বে। তাই গ্রাহকদের আগেভাগে প্যান, আধার আর ডাকঘরের খাতায় নাম-জন্ম তারিখ মিলিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। না হলে নতুন অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্টে বদল, এমনকি সুদের টাকাও আটকে যেতে পারে। আর আধার-প্যান লিঙ্ক না থাকলে সুদের উপর ২০ শতাংশ টিডিএস কাটা যাবে, যা অনেকের কাছে ধাক্কা।



