দেশে টানাটানি, অথচ পেট্রপণ্যের রপ্তানি বেড়েছে ১৪০ শতাংশ
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে পেট্রপণ্যের টানাটানি। একদিকে সাপ্লাই কম, আবার অন্যদিকে অশোধিত তেলের দাম মাঝেমধ্যেই আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী। দেশীয় বাজারে তা‌ই পেট্রল, ডিজেল বা গ্যাসের দাম কমানোর পথে হাঁটেনি মোদি সরকার। কিন্তু জানা যাচ্ছে, পেট্রপণ্যের রপ্তানি পর্যাপ্তভাবেই অব্যাহত। এমনকি রপ্তানি ১৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আয়ের দিক থেকে বৃদ্ধি হার ৫০ শতাংশ। ২ লক্ষ ৬০ হাজার কোটি টাকা আয় হয়েছে ৬ মাসে। যার মধ্যে ৫৮ হাজার কোটি টাকা পেট্রল রপ্তানি করে। সরকারি তেল সংস্থাগুলির পেট্রল রপ্তানি বাবদ আয়ের পাশাপাশি সরকার আরও একটি পন্থায় মুনাফা করে। সেটি হল পেট্রপণ্য রপ্তানির উপর কেন্দ্রীয় সরকারের বাড়তি শুল্ক, ‘উইন্ডফল ট্যাক্স’। ১৬ অক্টোবর এই ট্যাক্স আরও বেড়ে গিয়েছে। সুতরাং বেসরকারি তেল রপ্তানিকারী সংস্থাগুলিকে রপ্তানির উপর আরও বেশি করে শুল্ক দিতে হবে সরকারকে। এপ্রিল থেকে অক্টোবর—এই ৬ মাসের সময়সীমায় পেট্রলজাত পণ্যের রপ্তানি এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। আয়ের নিরিখে এই রেকর্ড মুনাফার অন্যতম একটি কারণ রয়েছে। যাকে বলা যেতে পারে শাপে বর। যেহেতু ডলারের বিনিময়ে টাকার মূল্য বিগত এক বছর ধরে ক্রমাগত কমেছে, তাই রপ্তানিকৃত পণ্যবাবদ যে পেমেন্ট পাওয়া যায়, সেটির মূল্যও বেড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে রপ্তানি কমিয়ে সরকারি তেল সংস্থাগুলি যদি দেশীয় বাজারে তেল সরবরাহের পরিমাণ বাড়িয়ে দেয়, তাহলে তো দেশে পেট্রপণ্যের চাহিদা এত বাড়ত না। কিছু মাস আগে পর্যন্ত বিভিন্ন শহরে অভাব দেখা যাচ্ছিল পেট্রল-ডিজেলের।  কিন্তু সরকারের যুক্তি হল, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়া সত্ত্বেও দেশে কিন্তু পেট্রল ডিজেলের দাম বাড়ানো হয়নি। এই ভারসাম্য রাখার জন্য রপ্তানি বাড়ানো ছাড়া গতি নেই। বাণিজ্য ঘাটতিও কমবে এই কারণে। সেটা অর্থনীতির পক্ষে ইতিবাচক।

Advertisement