Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা প্রতিবাদী যুবক আক্রান্ত দেগঙ্গায়

স্কুলের সামনে নবম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় ‘প্রতিবাদী’কে মারধরের অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে।

ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা  প্রতিবাদী যুবক আক্রান্ত দেগঙ্গায়
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্কুলের সামনে নবম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় ‘প্রতিবাদী’কে মারধরের অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার কুমরুলি গ্রামের হাদিপুর আদর্শ হাইস্কুলের সামনে। রক্তাক্ত হন প্রতিবাদী জাফর আলি মণ্ডল। কয়েক ঘণ্টার মধ্যেই তদন্ত চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম অমিত পাল। তার বাড়ি চাঁপাতলা।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে টিফিনের সময় অনেক পড়ুয়া বাইরে বের হয়েছিল। সেই সময় এক ছাত্রীর হাত ধরে টানাটানি ও কটূক্তি করে অমিত। ছাত্রী বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সময় স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন জাফর আলি। তিনি প্রতিবাদ করেন। অমিতের রাগ গিয়ে পড়ে জাফরের উপর। অভিযোগ, অমিত তখন নিজের হাতের স্টিলের বালা খুলে প্রথমে জাফরের মাথায় আঘাত করে। তাঁকে বেধড়ক মারধরও করে। স্থানীয়দের বিষয়টি নজরে আসতেই অমিত পালিয়ে যায়। তড়িঘড়ি রক্তাক্ত জাফরকে উদ্ধার করে নিয়ে আসেন দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে। তদন্তে নেমে অভিযুক্ত অমিত পালকে হামাদামা বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। জাফরের দাবি, স্কুলের সামনে ওই যুবক ছাত্রীর হাত ধরে টানাটানি করছিল। প্রতিবাদ করতেই আমাকে মারধর করে। আমি চাই, অভিযুক্তের কঠোর শাস্তি হোক। পুলিশ জানিয়েছে, ধৃতকে শনিবার বারাসত আদালতে তোলা হবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম রায় বলেন, বিদ্যালয়ের পাঁচিল না থাকায় পড়ুয়ারা বাইরে চলে যায়। এই ধরনের ঘটনা কাম্য নয়। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ