বিশেষ সংবাদদাতা, জম্মু: জম্মুর আর এস পুরায় পুলিশের উপর হামলা চালিয়ে এক জুভেনাইল অবজারভেশন হোম থেকে পালাল দুই পাকিস্তানি সহ মোট তিন বন্দি। সোমবার বিকেল পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটেছে। জখম হয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশকর্মী। তাঁরা হলেন হেড কনস্টেবল প্রবীণ কুমার এবং এসপিও বিজয় কুমার। পলাতক দুই পাক বন্দির নাম আহসান আনোয়ার ও মহম্মদ সানাউল্লা। তাদের বাড়ি যথাক্রমে পাক পাঞ্জাবের নানকানা সাহিব ও বস্তি জাবেওয়ালায়। তৃতীয় পলাতকের নাম করণজিৎ সিং। সে স্থানীয় ব্যক্তি। বাড়ি আর এস পুরার দাবলেহারে। পুলিশ জানিয়েছে, পলাতকদের খোঁজে তল্লাশি চলছে। গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট)।



