মাদ্রিদ: স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা দু’টি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। জখমদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। রবিবার সন্ধ্যা (স্থানীয় সময়) ৭টা ৪৫ নাগাদ স্পেনের আদামুজ শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্পেনের পেদ্রো সাঞ্চেজ। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘দেশের জন্য গভীর বেদনার রাত।’ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পোস্ট, ‘মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। ফ্রান্স আপনাদের পাশে রয়েছে।’
জানা গিয়েছে, এদিন মালাগা থেকে রাজধানী মাদ্রিদ যাচ্ছিল একটি ট্রেন। আচমকা পিছন দিকে থাকা কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে পাশের লাইনে গিয়ে পড়ে। একই সময় ওই লাইন দিয়ে মাদ্রিদ থেকে হুয়েলভা যাচ্ছিল আরও একটি ট্রেন। তখনই দু’টি ট্রেনের সংঘর্ষ হয়। স্পেনের পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, প্রথম ট্রেনে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। দ্বিতীয় ট্রেনের যাত্রী সংখ্যা প্রায় ২০০। জানা গিয়েছে, সংঘর্ষের জেরে দ্বিতীয় ট্রেনের প্রথম দু’টি কামরা ১৩ ফুট নীচে পড়ে যায়। দুর্ঘটনাস্থলের একাধিক ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, লাইনের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ট্রেনের কামরা। কাচ ভেঙে বেরিয়ে আসার মরিয়া চেষ্টা চালাচ্ছেন আতঙ্কিত যাত্রীরা। তারই মধ্যে আলো জ্বালিয়ে চলছে উদ্ধারকাজ। অস্কার জানিয়েছেন, যেখানে প্রথম ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল সেখানে লাইনে কোনো বাঁক নেই। তাই এই দুর্ঘটনা সত্যিই ‘বিস্ময়কর’।