সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট পুরসভায় চেয়ারম্যান পদ ফাঁকা। নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য এবার বোর্ড অফ কাউন্সিলারদের বৈঠক ডাকলেন প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্র। মঙ্গলবার বিকেলে অশোক পুরসভার এগজিকিউটিভ অফিসার থেকে শুরু করে সমস্ত কাউন্সিলারকে চিঠি দিয়ে বৈঠকের কথা জানিয়ে দিয়েছেন।
পুরসভার এগজিকিউটিভ অফিসার অজয় কুমার প্রসাদ বলেন, প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্র ১৭ জানুয়ারি বৈঠক ডেকেছেন। সেখানে নতুন চেয়ারম্যান নির্বাচন হবে।সদ্য পদত্যাগী চেয়ারম্যান এদিন বলেছেন, দলীয় নির্দেশ ও আইন অনুযায়ী যা পদক্ষেপ নেওয়া দরকার, সব করব বলে আগেই জানিয়েছিলাম। তাই প্রশাসনিক নিয়ম ও দলীয় নির্দেশ অনুযায়ী বৈঠক ডেকেছি। এই বৈঠকের চিঠি পেতেই বিদ্রোহীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। তাঁরা ওই বৈঠকের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে নতুন চেয়ারম্যান কে হবেন, তা এখনও স্থির হয়নি। এনিয়ে বিদ্রোহী একাধিক কাউন্সিলারের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। দলের তরফে দক্ষ কাউকেই ওই পদে বসানো হবে বলে সূত্রের খবর। তবে, দাবিদার অনেক। ফলে, দলীয় নির্দেশ মেনে বৈঠকে নতুন চেয়ারম্যান বেছে নেওয়া হবে।গত ১৯ ডিসেম্বর বালুরঘাট পুরসভায় অনাস্থা প্রস্তাব আনা হয় অশোকের বিরুদ্ধে। এনিয়ে কিছুদিন নাটক চলার পর অবশেষে ৩১ ডিসেম্বর এসডিওর কাছে ইস্তফা দেন অশোক। পরে ওই ইস্তফা গ্রহণ করা নিয়েও টানাপোড়েন চলে। অবশেষে অনাস্থার বৈঠক ডাকেন বিদ্রোহী তিন কাউন্সিলার। ১০ জানুয়ারি সেই বৈঠকেই অশোকের ইস্তফা গ্রহণ করা হয়। এরপরেও শুরু হয়েছিল নানা টানাপোড়েন। অবশেষে মঙ্গলবার বৈঠকের চিঠি পাঠালেন প্রাক্তন চেয়ারম্যান।
পুরসভায় চেয়ারম্যান না থাকায় কাজকর্ম কার্যত শিকেয় উঠেছে বলে অভিযোগ। থমকে গিয়েছে পরিষেবা এবং উন্নয়নমূলক কাজ। দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের যেমন বেতন পেতে দেরি হয়েছে, শহরের সাধারণ মানুষ পরিষেবা নিয়েও নানা ভোগান্তির মুখে পড়ছেন। এবার অচলাবস্থা কাটবে বলে মনে করছেন শহরবাসী।