Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহ জেলায় ৪২ চিকিৎসক, ৩৬৫ স্বাস্থ্যকর্মীকে নিয়োগপত্র, ওয়েটিং লিস্টে অসঙ্গতির অভিযোগ, অডিটোরিয়াম চত্বরে বিক্ষোভ

একসঙ্গে বিভিন্ন বিভাগের ৪২ জন চিকিৎসক এবং ৩৬৫ জন স্বাস্থ্যকর্মী পেল মালদহের জেলা স্বাস্থ্য দপ্তর। শনিবার জাতীয় স্বাস্থ্য মিশন এবং জাতীয় আয়ুষ মিশনের অধীনে ওই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়োগপত্র তুলে দেওয়া হয় মালদহ কলেজ অডিটোরিয়ামে।

মালদহ জেলায় ৪২ চিকিৎসক, ৩৬৫ স্বাস্থ্যকর্মীকে নিয়োগপত্র, ওয়েটিং লিস্টে অসঙ্গতির অভিযোগ, অডিটোরিয়াম চত্বরে বিক্ষোভ
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: একসঙ্গে বিভিন্ন বিভাগের ৪২ জন চিকিৎসক এবং ৩৬৫ জন স্বাস্থ্যকর্মী পেল মালদহের জেলা স্বাস্থ্য দপ্তর। শনিবার জাতীয় স্বাস্থ্য মিশন এবং জাতীয় আয়ুষ মিশনের অধীনে ওই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়োগপত্র তুলে দেওয়া হয় মালদহ কলেজ অডিটোরিয়ামে। স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণস্বরূপ নিগম, স্বাস্থ্য সচিব শরদ দ্বিবেদী, মালদহের জেলাশাসক প্রীতি গোয়েল, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি প্রমুখ অনুষ্ঠানে ছিলেন।

Advertisement

নিয়োগের ওয়েটিং লিস্ট নিয়ে কিছু অসঙ্গতির অভিযোগ করে এদিন অডিটোরিয়াম চত্বরে হাজির হন কয়েকজন আবেদনকারী। তবে, জেলাশাসক জানান, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে নিয়ম মেনে ওই তালিকা তৈরি করা হয়েছে। যাঁরা চূড়ান্ত তালিকায় স্থান পাননি, তাঁদের জন্য দুঃখিত।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকরা মালদহের বিভিন্ন পুরসভা এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে দায়িত্ব পালন করবেন। এছাড়াও এত বেশি সংখ্যক স্বাস্থ্যকর্মী মেলায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রে রক্ত এবং অন্যান্য পরীক্ষা এখন নিয়মিত এবং দ্রুত হবে। এর ফলে অনেক বেশি মানুষ এখন সরকারি স্বাস্থ্য পরিসেবা গ্রহণের সুযোগ পাবেন বলে জানিয়েছেন সুদীপ্ত ভাদুড়ি।
তবে, এই নিয়োগ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলের রাজ্য সম্পাদক তথা ইংলিশবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি বলেন, রাজ্য সরকার এই চুক্তিভিত্তিক নিয়োগ করেছে বলে যে প্রচার করা হচ্ছে, তা মিথ্যা। পুরো নিয়োগ হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন এবং জাতীয় আয়ুষ মিশনের অধীনে।
জেলা তৃণমূলের অন্যতম মুখপাত্র শুভময় বসুর মন্তব্য, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যকে  প্রাপ্য বরাদ্দ দেবে কেন্দ্র, সেটাই নিয়ম। কেন্দ্র দয়া করছে না। দেশের মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য টাকা দিচ্ছে। কেন্দ্র দিতে বাধ্য।
এদিন রাজ্যের শীর্ষ স্বাস্থ্য আধিকারিকরা মালদহ মেডিকেল কলেজ এবং হাসপাতালেও যান। বৈঠক করেন মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ ও সুপার প্রসেনজিত্‌ বর, রোগী কল্যাণ সমিতিতে রাজ্য সরকারের প্রতিনিধি কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী সহ অন্যদের সঙ্গে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ