Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মা উড়ালপুলে চলবে না অ্যাপ-শাটল বাস

অফিসটাইম হলেই রাস্তার একাংশের দখল নিচ্ছে অ্যাপভিত্তিক শাটল বাস।

মা উড়ালপুলে চলবে না অ্যাপ-শাটল বাস
  • ১২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অফিসটাইম হলেই রাস্তার একাংশের দখল নিচ্ছে অ্যাপভিত্তিক শাটল বাস। জোকা, ঠাকুরপুকুর, সরশুনা, টালিগঞ্জ, যাদবপুর, গড়িয়া, চেতলা, গড়িয়াহাট সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকা থেকে সল্টলেক-নিউটাউন অভিমুখে চলাচল করে প্রায় ৪০০ এমন শাটল বাস। সেই বাসগুলি পরপর এ জে সি বোস রোড ফ্লাইওভার ও মা উড়ালপুল হয়ে সল্টলেক, নিউটাউনের রাস্তা ধরছে। এর ফলে তীব্র যানজটের কবলে পড়ছে দু’টি ফ্লাইওভারই। নিত্য যানজটের জ্বালা সহ্য করতে হচ্ছে হাজার হাজার মানুষকে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে এবার এই দুই ফ্লাইওভারে অ্যাপভিত্তিক শাটল বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। মূলত অফিসযাত্রীরাই এই ধরনের বাসে সওয়ারি হন। সেই কথা মাথায় রেখে এসব বাসের জন্য পৃথক রুট বেঁধে দিয়েছে লালবাজারের ট্রাফিক বিভাগ। ইতিমধ্যে সেই রুট সংশ্লিষ্ট অ্যাপ সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ফ্লাইওভারের উপর যানজট এবং চালকদের বিভ্রান্তি কমবে বলে আশাবাদী পুলিশ। 

Advertisement

লালবাজার সূত্রে খবর, অ্যাপ নির্ভর বাসগুলি ১৬ ও ২৬ সিটের হয়। দু’ধরনের বাসই আগে ফ্লাইওভারে উঠে পড়ত। তাতে ফ্লাইওভারে যানবাহনের গতি কমত। বাড়ত গাড়ির চাপ। এখানে উল্লেখ্য, জরুরি পরিষেবা ছাড়া ‘মা’ ফ্লাইওভার দিয়ে সমস্ত বাস ও পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। ট্রাফিক বিভাগের এক আধিকারিক বলেন, ‘অ্যাপ নির্ভর বাসের জন্য নতুন রুট ঠিক করে দেওয়া হয়েছে। হাওড়া এবং বেহালা থেকে সল্টলেক-নিউটাউনগামী শাটল বাসগুলি এ জে সি বোস রোড ব্যবহার করতে পারবে। এরপর তারা পার্ক সার্কাস কানেক্টর ধরে পার্ক সার্কাস মোড়, চার নম্বর ব্রিজ, বিশ্ব বাংলা সরণি, সায়েন্স সিটি হয়ে বাইপাসে উঠতে পারবে। বেহালা, চেতলার দিক থেকে থেকে আসা অ্যাপনির্ভর বাসগুলি রাসবিহারী, গড়িয়াহাট, রুবি হয়েও বাইপাসে উঠতে পারবে। গড়িয়া এবং যাদবপুর থেকে আসা সমস্ত বাস অজয়নগর লিঙ্ক অথবা পাটুলি বাইপাস লিঙ্ক ব্যবহার করতে পারবে।’
বেশ কিছু অ্যাপের আবার ম্যাক্স-ক্যাব পরিষেবা রয়েছে। সেই গাড়িগুলিও শাটল খাটে। সেগুলির জন্য থাকছে পৃথক রুট। এই ম্যাক্স-ক্যাবগুলি শেক্সপিয়র সরণি দিয়ে চলাচল করতে পারবে। সেই রাস্তায় যানজট থাকলে ট্রাফিক পুলিশ প্রয়োজনমতো এ জে সি বোস রোড দিয়ে গাড়িগুলি ঘুরিয়ে দিতে পারে। যাত্রীদের দাবি, এ জে সি বোস ও মা ফ্লাইওভার ব্যবহার করতে না পারলে অফিস পৌঁছতে প্রায় ৩০-৩৫ মিনিট পর্যন্ত দেরি হতে পারে। কিন্তু লালবাজারের দাবি, বাস ফ্লাইওভারে উঠলে শহরে তার প্রভাব পড়ছে। কমে যাচ্ছে ফ্লাইওভারের গতি। একইসঙ্গে কোনও বাস খারাপ হলে তা আরও  দুর্ভোগ বাড়াচ্ছে। তাই রুট পরিবর্তন করার পরামর্শ দিচ্ছে লালবাজার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ