Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যান্ডেলে ফের ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত

ফের ব্যান্ডেলের মেরিপার্কে ছিনতাইয়ের চেষ্টা। তবে এবার ছিনতাইকারীকে ধরে ফেললেন স্থানীয় বাসিন্দারা। রবিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

ব্যান্ডেলে ফের ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ফের ব্যান্ডেলের মেরিপার্কে ছিনতাইয়ের চেষ্টা। তবে এবার ছিনতাইকারীকে ধরে ফেললেন স্থানীয় বাসিন্দারা। রবিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে কাজে বেরিয়েছিলেন এক তরুণী। তখনই এক যুবক তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। তরুণীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে ধরে ফেলে। তারপর তাকে গণপিটুনি দেওয়া হয়। স্থানীয় একটি ক্লাবে তাকে আটকে রেখে পুলিসকে খবর দেন বাসিন্দারা। পুলিস এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়। ঘটনার পরপরই ওই এলাকায় গিয়েছিলেন স্থানীয় কাউন্সিলার মৌসুমি সাহা। তিনি বলেন, এর আগে কয়েকটি ঘটনা ঘটেছে। সেখানকার সিসি ক্যামেরার ফুটেজে ছিনতাইকারীর ছবির সঙ্গে ধৃত যুবকের মিল আছে। আমরা এলাকার নাগরিকদের নিয়ে প্রতিরোধের উদ্যোগ নিয়েছি। পুলিসকেও আমরা আরও উদ্যোগী হতে বলেছি। চুঁচুড়া থানার পুলিস জানিয়েছে, ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, সম্প্রতি মেরিপার্ক, কৈলাশনগর এলাকায় বারবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে পুলিস একাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছিল। কিন্তু তাতে যে ছিনতাইয়ের প্রবণতায় রাশ পড়েনি, রবিবারের ঘটনায় তা ফের প্রকাশ্যে এসেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ