পাটনা: বিয়ে বাড়ি না ‘বক্সারের যুদ্ধ’! বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গীর বিয়ের ভিডিয়ো দেখে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়। বিহারের রাজনীতিতে ‘ছোটে সরকার’ নামে পরিচিত অনন্ত। বুধবার ছিল তাঁর মেয়ের বিয়ে। শুধু বিধানসভা এলাকার বাসিন্দারা নন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে ভিভিআইপিদের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। কোনো কোনো মহলের দাবি, নিমন্ত্রণ রক্ষা করতে নাদওয়ান গ্রামে হাজির হয়েছিলেন প্রায় ১০ লক্ষ মানুষ (যদিও এই সংখ্যার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি)। আর তাতেই বিপত্তি। ভিড়ের চাপে আয়োজকদের ভিরমি খাওয়ার জোগাড়। পেটপুজোর জন্য অতিথিদের ‘প্রতিযোগিতা’ দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা।
একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, বিয়েবাড়িতে থালা-বাসনের আকাল পড়ায় রীতিমতো উদ্ভাবনী শক্তির পরিচয় দেন আমন্ত্রিতরা। খাবারের থালা না পেয়ে জলের গ্লাসেই ভোজ সারেন অনেকে। কেউ আবার বিশাল রান্নার পাত্র থেকে খাবার তুলেও নেন। আবার কেউ কার্ডবোর্ডের বাক্সে খাবার ভরে নিয়ে যান। তবে ‘রণক্ষেত্র’ বাধে মিষ্টির কাউন্টারে। শোনা গিয়েছে, চার লক্ষ অতিথির জন্য ৩০ লক্ষ পিস রসগোল্লার অর্ডার দিয়েছিলেন বিধায়ক। কিন্তু কাউন্টারে চোখের পলক ফেলার আগেই হাওয়া হয়ে গিয়েছে হাঁড়ি হাঁড়ি রসগোল্লা। ভিডিয়োতে জনৈক এক অতিথির সরস মন্তব্য, ‘এখানে খাবার জোগাড় আর যুদ্ধে জেতা একই ব্যাপার।’ শুধু খাবার জায়গায় নয়, অতিথিদের ঢলে নাদওয়ান গ্রামের আশপাশে অন্তত ৫-১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। দামি গাড়ি থেকে শুরু করে ট্রাক্টরে চেপে, আবার দলে দলে স্রেফ পায়ে হেঁটেও পাত পাড়তে হাজির হন।
বিয়ের জাঁকজমক অবশ্য বলিউডের বিগ বাজেটের সিনেমাকে হার মানাবে। ভিআইপি অতিথিদের জন্য তৈরি হয় অস্থায়ী হেলিপ্যাড। প্রয়াগরাজের কুম্ভমেলার আদলে বিশাল ‘টেন্ট সিটি’। এমনকি ঘোড়দৌড়ের প্রতিযোগিতাও। প্রথম পুরস্কার ছিল ‘থার’ গাড়ি। প্রতিযোগিতা দেখতে গিয়ে একজন প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে বরা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, পাটনার ছেলে হৃষিকেশ কুমারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন শিবাঙ্গী। পাত্রের আটলান্টার জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএর ডিগ্রি রয়েছে। সেকথা সগৌরবে ছাপা হয়েছিল বিয়ের কার্ডে। জামাইকে প্রায় ৩ কোটি টাকার একটি সাদা ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি, ১০০ গ্রামের সোনার চেন এবং ৮০ গ্রামের সোনার ব্রেসলেট উপহার দিয়েছেন বিধায়ক অনন্ত।



