নিউ ইয়র্ক: তিনি সমালোচনা করতে পারেন। কিন্তু নিতে পারেন না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনী প্রচারপর্বে মীরা নায়ারের পুত্রকে একাধিকবার কড়া ভাষায় কটাক্ষ করেছিলেন ট্রাম্প। ভোটে জিতেই পালটা জবাব দিয়েছিলেন মামদানিও। এই আবহে আক্ষেপের সুর শোনা গেল মার্কিন প্রেসিডেন্টের গলায়। বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারাল।’ যদিও সর্বকনিষ্ঠ মেয়রের জয়ে খুশি আমেরিকার ভারতীয় বংশোদ্ভূতরা।
বুধবার ফলপ্রকাশের পর থেকেই উচ্ছ্বসিত অনাবাসী ভারতীয়রা। তাঁদের বক্তব্য, এটা শুধু রাজনৈতিক জয় নয়। আমেরিকার অভিবাসী সমাজের ইতিহাসে নতুন অধ্যায়। মামদানির ভাষণেও শোনা গিয়েছিল একই সুর। তিনি বলেন, ‘নিউ ইয়র্ক তৈরি অভিবাসীদের হাতে। এগিয়ে চলবে অভিবাসীদের সঙ্গে নিয়েই। আর আজ থেকে নেতৃত্বও দেবেন একজন অভিবাসী।’ পাশাপাশি ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, ‘ট্রাম্পের মতো স্বৈরাচারীকে হারানোর একটি উপায় হল সেই শর্তগুলি ভেঙে দেওয়া, যেগুলির উপর ভর করে তিনি ক্ষমতা পেয়েছিলেন।’ মামদানির এই বক্তব্যেই বেজায় চটেছেন ট্রাম্প। তাঁর হুঁশিয়ারি, ‘ওঁর উচিত আমার সঙ্গে ভদ্র ব্যবহার করা। মনে রাখতে হবে, এমন অনেক বিষয় রয়েছে, যার অনুমোদন আমার হাতে। এভাবে শুরু করলে, ওঁর সফল হওয়া মুশকিল।’
বৃহস্পতিবার মায়ামিতে আমেরিকার বিজনেস ফোরামের মঞ্চে ট্রাম্প বলেন, ‘আমি নিউ ইয়র্ককে ভালোবাসি। চাই শহর ভালো থাকুক। প্রয়োজনে হয়তো কিছুটা সাহায্যও করব। আমেরিকার জনগণ ২০২৪ সালে আমাদের নির্বাচন করেছিলেন। আমরা আমেরিকার সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছিলাম। তা ফের কিছুটা হারাল। আবার আমরা ফিরিয়ে আনব।’