নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গড়িয়া স্টেশন চত্বরে কংগ্রেসের পার্টি অফিস হঠাৎ বেদখল। অভিযোগ, বুধবার রাতে এক দল দুষ্কৃতী সেই পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে তালা মেরে গড়িয়া কিষান মজদুর বাজার কার্যালয় নামে পোস্টার ঝুলিয়ে দেয়। এই নিয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস নেতৃত্ব। জানা গিয়েছে, এই পার্টি অফিসের বয়স প্রায় ৬০ বছর। কিন্তু বিগত ১০ বছর সেই কার্যালয়ে কংগ্রেস নেতা-কর্মীদের আনাগোনা ছিল না। তৃণমূলই সেটা ব্যবহার করত। তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই সেই পার্টি অফিস সংস্কার করে ফের সেটা চালাচ্ছিলেন হাত চিহ্নের কর্মীরা। আইএনটিইউসির কাজকর্মও হতো এখান থেকেই। কিন্তু হঠাৎ কে বা কারা এটি দখল করে নিল, সেটাই বুঝে উঠতে পারছেন না কংগ্রেসের নেতারা। রাজপুর সোনারপুর পুরসভার কংগ্রেস কমিটির সভাপতি ফনীন্দ্র নস্কর বলেন, আমাদের এই পার্টি অফিসের ভিতরে সব কিছু ভাঙচুর করা হয়েছে। দলীয় পোস্টার ছিঁড়ে তার পাশে অন্য একটি ব্যানার লাগিয়েছে দুষ্কৃতীরা। থানায় এই নিয়ে ডায়েরি করেছি। আমরা এই পার্টি অফিস পুনরুদ্ধার করতে চাই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



