নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লিও মেসির কলকাতা সফর ঘিরে কৌতূহলের শেষ নেই। তারই মাঝে দানা বাঁধল বিতর্ক। সামাজিক মাধ্যমে উদ্যোক্তাদের পোস্ট ঘিরেই সমস্যার সূত্রপাত। আয়োজকদের দাবি, যুবভারতীতে মোহন বাগান ও ইস্ট বেঙ্গল অলস্টার্স ম্যাচ দেখবেন মেসি। বেশ কিছু তারকা বিদেশি ফুটবলারের মাঠে নামার সম্ভাবনা প্রবল। এমনকী, প্রাক্তনরা কোন দলে খেলবেন তার প্রাথমিক পরিকল্পনাও সারা। কিন্তু গোটা বিষয়টি নিয়ে এখনও অন্ধকারে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। তাঁদের দাবি, ইস্ট বেঙ্গলের নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে পোস্ট হয়েছে। অথচ ক্লাব কর্তারা জানেন না কিছুই। শীর্ষকর্তা দেবব্রত সরকার বেশ ক্ষুব্ধ। তাঁর মন্তব্য, ‘এভাবে ইস্ট বেঙ্গলের নাম ব্যবহার করা যায় না। নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হয়। ক্লাবের কাছ থেকে কোনও অনুমতিও নেওয়া হয়নি। আমরা হতবাক।’ অন্যদিকে মোহন বাগান সভাপতি দেবাশিস দত্ত কোনও মন্তব্যে নারাজ।



