প্যারিস: ফরাসি ওপেনে গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। চলতি মরশুমেও খেতাব ধরে রাখতে মরিয়া স্প্যানিশ তরুণ। সেই লক্ষ্যের একেবারে শেষধাপে তিনি। শুক্রবার ইতালির লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পা রাখলেন আলকারাজ। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় মাঝপথেই ম্যাচ ছাড়তে বাধ্য হন প্রতিপক্ষ। ওই সময় আলকারাজের অনুকূলে ম্যাচের ফল ছিল ৪-৬, ৭-৬ (৭-৩), ৬-০, ২-০। অর্থাৎ সুবিধাজনক অবস্থায় ছিলেন তিনি।
অপর সেমি-ফাইনালে নোভাক জকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে পৌঁছলেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই জানিক সিনার। ইতালিয়ান তারকার পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৭-৫, ৭-৬ (৭-৩)। দীর্ঘ তিন ঘণ্টার বেশি চলা এই লড়াইয়ে প্রতিটি পদে জোকারকে টেক্কা দেন সিনার। প্রথম সেটে সহজেই ৬-৪ জয় তুলে নেন এই ইতালিয়ান টেনিস খেলোয়াড়টি। দ্বিতীয় সেটে অবশ্য তাঁকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়। তবে চতুর্থ গেম ব্রেক করেন তিনি। শেষ পর্যন্ত ৭-৫ শেষ হাসি হাসেন। আর তৃতীয় সেটে চলে ম্যারাথন লড়াই। একটা সময় ৫-৪ এগিয়ে ছিলেন নোভাক। তবে টাই-ব্রেকারে বশ মানতে হয় তাঁকে।