তিরুবনন্তপুরম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নির্বাচন কমিশনকে নিয়ে অবমাননাকর এআই ভিডিয়ো করার অভিযোগ। সেখানে কমিশনের সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের বিরুদ্ধে মামলা দায়ের করল কেরল পুলিশের সাইবার শাখা। অভিযোগ দায়ের করা হয় একটি নির্দিষ্ট এক্স হ্যান্ডলের বিরুদ্ধেও। পুলিশের দাবি, সমাজে বিশৃঙ্খলা তৈরির লক্ষ্যে ১ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। একাধিকবার বলা সত্ত্বেও সেটা সরানো হয়নি। এরপরেই বুধবার গভীর রাতে তিরুবনন্তপুরমের সাইবার ক্রাইম থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করা হয়। একইসঙ্গে অবিলম্বে ভিডিয়ো মুছে ফেলার নির্দেশ দিয়ে আইনি নোটিসও পাঠানো হয়েছে।



