ফের গুলির লড়াই, নিরাপত্তাবাহিনীর হাতে নিহত মোস্ট ওয়ান্টেড জঙ্গি
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৯:০৩
Prefer us on Google

শ্রীনগর, ১৮ নভেম্বর: জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় ফের নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে শুরু হল গুলির লড়াই। আজ, বুধবার সকালে তল্লাশি অভিযান চলাকালীন নতুন করে সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় লস্কর জঙ্গি লতিফ ভাট। নিরাপত্তাবাহিনীর দাবি, ঘেরাটোপের মধ্যে আটকে পড়েছিল উপত্যকার অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি মহম্মদ লতিফ ভাট। ২২ বছর বয়সি এই জঙ্গিকে দক্ষিণ কাশ্মীরের শেষ সক্রিয় স্থানীয় জঙ্গি কমান্ডার বলে মনে করা হচ্ছে। 

Advertisement

সোমবার কুলগামের লারু বাইপাস এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় জঙ্গি উমর নিসার দার। সেই সময় নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপ ভেঙে পালাতে সক্ষম হয় লতিফ ভাট। এরপর থেকেই বিস্তীর্ণ এলাকাজুড়ে চিরুনি তল্লাশি অভিযান চালাচ্ছিল যৌথবাহিনী। আজ, বুধবার সকালে ফের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ স্থাপিত হলে শুরু হয় গুলির লড়াই। কাশ্মীর জোন পুলিশ সোশ্যাল মিডিয়ায় সংঘর্ষের খবর নিশ্চিত করেছে।

তদন্তকারীদের দাবি, নিহত উমর নিসার দার প্রায় ছয় মাস ধরে লতিফকে আশ্রয় ও রসদ জোগাত। গত ১১ নভেম্বর আখরান গ্রামে সিআরপিএফের একটি পোস্টে হামলার আগে দুইজনে একাধিক এলাকায় রেইকি চালিয়েছিল বলেও অভিযোগ। ওই হামলায় তিন সিআরপিএফ কর্মী আহত হন। বর্তমানে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান জোরদার করেছে নিরাপত্তাবাহিনী।