ফের উত্তরপ্রদেশে এনকাউন্টার! ফিরোজাবাদে গাড়ি চুরিতে অভিযুক্ত জাকির হোসেন গ্রেপ্তার
  • ১৮ নভেম্বর, ২০২৬ ১২:০১
Prefer us on Google

ফিরোজাবাদ, ১৮ নভেম্বর: ফের উত্তরপ্রদেশে পুলিশি এনকাউন্টারের গুলিবিদ্ধ কুখ্যাত অপরাধী জাকির হোসেন। ফিরোজাবাদে গাড়ি চুরিতে অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এনকাউন্টারে অভিযুক্ত হোসেনের পায়ে গুলি লেগেছে। পাশাপাশি, তার কাছ থেকে একটি পিস্তল, কার্তুজ এবং বেশ কিছু চুরির সামগ্রীও উদ্ধার করা হয়েছে। 

Advertisement

সম্প্রতি রামগড় থানা এলাকায় একটি গাড়ি চুরির ঘটনা সামনে আসে। গাড়ি মালিকের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে রামগড় থানা। গোপন সূত্রে পুলিশ খবর পায় যে, মানপুর বাইপাসের কাছে চুরি যাওয়া গাড়িটি বিক্রি করে দেওয়া হয়েছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছে যে ব্যক্তির কাছে গাড়িটি বিক্রি করা হয়েছিল, তাঁকে জিজ্ঞাসাবাদ করে। ওই ব্যক্তি জানান, জাকিরই তাঁকে গাড়িটি বিক্রি করেছে।

এরপর পুলিশের কাছে ফের খবর আসে যে, অভিযুক্ত জাকির সাতি রোডে আরও একটি গাড়ি চুরি করার উদ্দেশ্যে রেইকি করছে। এই খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে অভিযান চালায়। তখনই চলে গুলির লড়াই এবং পায়ে গুলি লাগে জাকিরের।

এক পুলিশ আধিকারিক জানান, অতর্কিতে পুলিশের ওপর গুলি চালানো হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়, যার ফলে তার পায়ে গুলি লাগে। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করে নেয়।